জড়িতদের শিগগিরই গ্রেপ্তার- স্বরাষ্ট্রমন্ত্রী : দুষ্কৃতকারীরা ক্ষমতাসীন দলের- ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i98742-জড়িতদের_শিগগিরই_গ্রেপ্তার_স্বরাষ্ট্রমন্ত্রী_দুষ্কৃতকারীরা_ক্ষমতাসীন_দলের_ফখরুল
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কারো ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। দেশের বাইরে থেকে কেউ উস্কানি দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৭, ২০২১ ১৪:৩৮ Asia/Dhaka

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কারো ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। দেশের বাইরে থেকে কেউ উস্কানি দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লার ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মুস্তাফা কামাল পরিচয়ে একজন পাঠক অনলাইনে মন্তব্য করেছেন, “রামু, নাসিরনগর, সুনামগঞ্জের ঘটনার পর বলা হয়েছিল ঠিক একই ধরনের কথা। কিন্তু আজ পর্যন্ত এসব ঘটনা একটিরও বিচার হয়নি। সরিষার মধ্যে যেখানে ভুত সেই সরিষা দিয়ে কিভাবে ভুত তাড়াবেন।“

উল্লেখ্য, গত বুধবার কুমিল্লার দুর্গাপূজা মণ্ডপে মুর্তির কোলে পবিত্র কুরআন শরীফ পাওয়ার খবরে সৃষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের অন্তত ১৫টি জেলায়। চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিবাদকারী মুসল্লিদের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন এবং নোয়াখালীতে হিন্দু মন্দিরে হামলায় নিহত হয়েছেন তিনজন

এ প্রসঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা প্রশাসন এবং পুলিশের গাফেলতিকে দায়ী করেছেন।

এদিকে, বিএনপি মহাসচিব মির্যা ফখরুল ইসলাম আজ রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলাপানিতে মাছ শিকারের নীতি আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যে পরিণত হয়েছে। 

মির্জা ফখরুল উল্লেখ করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, তাদের উপাসনালয় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ২০০৯ সালে ক্ষমতাসীন হওয়ার পর থেকে কক্সবাজারের রামু-উখিয়া, পাবনা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া,  ফরিদপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে আক্রমণ ও লুটপাট চালানো হয়েছে। তাদের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে। এই দুষ্কৃতকারীরা প্রায় সবাই ক্ষমতাসীন দলের লোক।

ওদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনাস্থল, ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ ও নিহতদের বাড়ি পরিদর্শন করে সংক্ষুব্ধ মানুষদের বলেছেন, আজ আমি নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইতে এসেছি। কারণ, আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে বাঁচাতে।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

রোববার সকালে অনলাইনে যুক্ত হয়ে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান সরকারী এ কর্মকর্তা। ভার্চুয়াল এই সভায় দেশের ৩০০টি মাদ্রাসার শিক্ষক যুক্ত ছিলেন।

সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠানে সংঘঠিত সহিংসতা প্রসঙ্গে সচিব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবে না, তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে।

ঢাকায় সংঘর্ষ: দুই মামলায় আসামি ৪ হাজার

কুমিল্লার ঘটনার জেরে গত শুক্রবার রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার পল্টন ও রমনা থানায় মামলা দুটি করে পুলিশ।

পুলিশ বলছে, মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়েছে।

পল্টনের থানার মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫০০ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি।

অন্যদিকে, রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ জনকে। শুক্রবার সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করে পুলিশ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।