'নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i99876-'নির্বাচন_কমিশন_একটা_আজ্ঞাবহ_দাসে_পরিণত_হয়েছে'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশে নির্বাচন বলতে কিছু নেই। নির্বাচনে দিনের ভোট রাতে হয়। নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের লক্ষ্য স্বৈরশাসনের অপসারণ করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০২১ ১৫:১৫ Asia/Dhaka
  • 'নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশে নির্বাচন বলতে কিছু নেই। নির্বাচনে দিনের ভোট রাতে হয়। নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের লক্ষ্য স্বৈরশাসনের অপসারণ করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নবগঠিত বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটির নেতাদের নিয়ে শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান  বলেন, এখন বিএনপির ওপর সবচেয়ে বেশি নিপীড়ন-নির্যাতন হচ্ছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর নামে এক লাখ মামলা চলছে। বিএনপি, যুবদল, ছাত্রদল যখন যাকে পাচ্ছে ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক তুলে নিয়ে যাচ্ছে।

ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, আমরা আগেও বলেছি, এই সরকার যতদিন থাকবে ততদিন নির্বাচন করে লাভ নেই। নির্বাচন মানে হলো নতুন সরকার আসা যাদের জনগণের কাছে জবাবদিহি থাকবে। সেখানে জবাবদিহি ছাড়া ভোটবিহীন নির্বাচন হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনে আমরা তখনই যাব যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক হবে। এখন আমরা নির্বাচনে যাওয়ার কোনো চিন্তা-ভাবনা করছি না। আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সংসদ সদস্য (এমপি) জহির উদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সদ্য দায়িত্ব পাওয়া বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক মজিবর রহমান নান্টু, সদস্য সচিব আকতার হোসেন মেবুল, বরিশাল উত্তর জেলা আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ (বীর মুক্তিযোদ্ধা), সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, এক নম্বর যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।