দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে: কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়।’
আজ (শনিবার) নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ‘দেশে অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পাল্টা জবাবে কাদের বলেন, বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খু্ঁজে পাচ্ছে না,দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায় ৷আসলে অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে। এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন, এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে হতাশার আগুন।
তিনি বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না। যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে। আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়। বিএনপি ভার্চুয়াল জগতে এখন টিকে আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা।
বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে। এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না। ভয় দেখিয়ে লাভ নাই।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত।
আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নেবে বলেও ওবায়দুল কাদের মন্তব্য করেন। #
পার্সটুডে/আশরাফুর রহমান/১২