অষ্টম মাসে গাজা যুদ্ধ
গাজা যুদ্ধে ইসরাইল কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি: শীর্ষ কর্মকর্তা
দখলদার ইসরাইলের কথিত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাচি হানিগবে স্বীকার করেছেন যে, প্রায় আট মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন চালানো সত্ত্বেও ইহুদিবাদী বাহিনী কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি।
তিনি বলেন, “এই ব্যর্থতার কথা ইসরাইল সরকার বুঝতেও পারছে না।” ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে।
হানিগবে বলেন, “গাজার প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল এবং বন্দী বিনিময় চুক্তিসহ কোনো কৌশলগত লক্ষ্যই আমরা অর্জন করতে পারিনি। এখন ইসরাইলের সামরিক বাহিনী বলছে, গাজা থেকে হামাসকে নির্মূল করতে অনেক সময় লাগবে; এক বছর নয়, কয়েক বছর।”
ইসরাইলের এ কর্মকর্তা বলেন, গাজার ওপর লাগাতার বোমা বর্ষণ এবং ত্রাণ বহরে বাধা সৃষ্টি করে পুরো বিশ্বকে ইসরাইল বিরোধী করে তুলেছে নেতানিয়াহুর সরকার।
হানিগবে গাজা যুদ্ধ নিয়ে নেতিবাচক মন্তব্য করা প্রথম ইসরাইলি কর্মকর্তা নন বরং এর আগে অনেকেই এ ধরনের মন্তব্য করেছেন। গত শনিবার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের উপ পরিচালক বেন বারাক গাজা যুদ্ধকে ব্যর্থ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইসরাইল গাজা যুদ্ধে চূড়ান্তভাবে হেরে যাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।