এই ঔদ্ধত্য ইহুদিবাদ-বিরোধী ক্ষোভ ও ঘৃণার আগুনকে আরও প্রজ্বলিত করবে
আয়াতুল্লাহ সিস্তানির প্রতি ইহুদিবাদীদের হুমকিতে ইরানের প্রতিবাদ
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হামানে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরাকের শিয়া মুসলমানদের শীর্ষস্থানীয় আধ্যাত্মিক নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানির প্রতি ইহুদিবাদী ইসরাইলিদের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। এই হুমকির ফলে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে জনগণের আক্রোশের আগুন জোরদার হবে বলে তিনি উল্লেখ করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হামানে এ সম্পর্কে সামাজিক মাধ্যমে লেখা এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের টেলিভিশন চ্যানেলগুলো ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যার হাতিয়ার হিসেবে কাজ করছে। এইসব চ্যানেল নির্লজ্জভাবে ইসলামী বিশ্বের বিশিষ্ট নেতা ও আলেমদের ছবি তুলে ধরে তাঁদেরকে মানুষ হত্যাকারী সন্ত্রাসী সংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যবস্তুর তালিকা বা টার্গেট-ব্যাংকের অংশ হিসেবে প্রদর্শন করছে এবং তাদের হত্যার হুমকি দিচ্ছে।
ইসমাইল বাকায়ি আরও বলেছেন, মুসলিম বিশ্বের বিশিষ্ট আলেম হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানিকে হত্যার হুমকি দিয়ে ইহুদিবাদীরা যে ঔদ্ধত্য দেখিয়েছে তা মুসলমানদের মধ্যে ইহুদিবাদ-বিরোধী ক্ষোভ ও ঘৃণার আগুনকে আরও প্রজ্বলিত করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, দখলদার ইসরাইল সম্পর্কে আয়াতুল্লাহ সাইয়্যেদ সিস্তানির অত্যন্ত বুদ্ধিদীপ্ত অবস্থান এবং মজলুম ফিলিস্তিনি ও লেবাননি জনগণের প্রতি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সাহসিকতাপূর্ণ সহায়তা ও সমর্থন মুসলিম উম্মাহর জন্য গর্বের বিষয়।
সম্প্রতি (গত মঙ্গলবার) ইসরাইলের ১৪ নম্বর টিভি চ্যানেল দখলদার সেনাদের সম্ভাব্য হত্যা তালিকা প্রকাশ করেছে যাতে আয়াতুল্লাহ সিস্তানির ছবি রয়েছে। ইরাকের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন নেতৃবৃন্দ ইসরাইলি এই ঔদ্ধত্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইরাকের বিভিন্ন সংগঠন ও দলের পক্ষ থেকেও এ ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।