ইরানের ওপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ একটি 'ব্যর্থ অভিজ্ঞতা': পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বামে) গত ২ ফেব্রুয়ারি তেহরানে একটি প্রতিরক্ষা ও মহাকাশ অর্জনের প্রদর্শনী পরিদর্শন করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর তার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুর্নবহাল সম্বলিত স্মারকলিপি স্বাক্ষরকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। একইসঙ্গে একে একটি ব্যর্থ অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় আরাকচি বলেছেন যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের সিদ্ধান্ত ইরানকে আবার সর্বোচ্চ প্রতিরোধে বাধ্য করবে। বুদ্ধিমান ব্যক্তিদের সর্বোচ্চ প্রজ্ঞা বেছে নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের এ শীর্ষ কূটনীতিক তার বক্তব্যের পুনর্ব্যক্ত করে বলেছেন, ইরান সব সময় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বা এনপিটিসহ অন্যান্য বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভালো অবস্থানে থাকা একটি পক্ষ হয়ে কাজ করছে। আরাকচি বলেন, কোনো অবস্থাতেই ইরান কখনই পারমাণবিক অস্ত্র চাইবে না, এর উন্নতি ঘটাবে না বা তা অর্জন করার চেষ্টা করবে না।
আরাকচি আরো বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এমন বাস্তব নিশ্চয়তা প্রদান করা মোটেও কঠিন নয়। তবে শর্ত থাকে যে ইরানের বিরুদ্ধে সব ধরনের প্রতিকূল পদক্ষেপ যেমন অর্থনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে প্রত্যাহার করা হবে এমন নিশ্চয়তাও প্রদান করা হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। নির্বাহী আদেশের সই করার পর এবং সফররত ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এই নির্বাহী আদেশে সই করতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন।#
পার্সটুডে/এমবিএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।