ট্রাম্পের আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/event-i147844-ট্রাম্পের_আলোচনার_প্রস্তাব_সরাসরি_প্রত্যাখ্যান_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন, কিছু দাম্ভিক শক্তি ইরানের সঙ্গে আলোচনায় বসার যে অধীর আগ্রহ প্রকাশ করছে তার উদ্দেশ্য সমস্যাবলীর সমাধান করা নয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৯, ২০২৫ ০৫:৫৯ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন, কিছু দাম্ভিক শক্তি ইরানের সঙ্গে আলোচনায় বসার যে অধীর আগ্রহ প্রকাশ করছে তার উদ্দেশ্য সমস্যাবলীর সমাধান করা নয়।

তিনি গতকাল (শনিবার) সন্ধ্যায় ইফতারের আগে সরকারের তিন বিভাগের প্রধানসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন।

সর্বোচ্চ নেতা বলেন, কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে চাপাচাপি করছে তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয় বরং তারা তাদের নিজেদের আশা-আকাঙ্ক্ষা চাপিয়ে দেয়ার লক্ষ্যে আলোচনায় বসতে চায়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সাফ জানিয়ে দেন, “নিঃসন্দেহে, ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের ইচ্ছাপূরণ করতে দেবে না।”

তিনি ভাষণের অন্য অংশে ইরানের বিরুদ্ধে একের পর এক নির্লজ্জ অভিযোগ উত্থাপন করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন, ইরান তার পরমাণু প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি বলে তারা যে দাবি করে তা সম্পূর্ণ ‘অযৌক্তিক।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “তারা বলে ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে না। তাহলে, তারা কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে? তারা তো শুরু থেকেই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।”

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, মার্কিন সরকার ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৭ সালে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয়রা আমেরিকাকে ছাড়াই ওই সমঝোতা বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা সে প্রতিশ্রুতি রক্ষা করেনি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৯