মিলান ২০২৬ মহড়ার উদ্বোধনী পর্বে ইরানি ডেস্ট্রয়ার ‘দা'না’র অংশগ্রহণ
-
ইরানের ডেস্ট্রয়ার ‘দা'না’
পার্সটুডে: ভারতের নৌবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত বৃহৎ ও আন্তর্জাতিক নৌ-মহড়া “মিলান ২০২৬”-এর উদ্বোধনী পর্বে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডেস্ট্রয়ার ‘দা'না’ (জ্ঞানী) অংশ নিয়েছে।
ইরানের জাতীয় সংবাদ সংস্থা আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ভারতের বিশাখাপত্তনম বন্দরে ৭২টি দেশের অংশগ্রহণে এই বৃহৎ ও বহুপাক্ষিক নৌ-মহড়া 'মিলান ২০২৬' শুরু হয়েছে। এই ১০ দিনব্যাপী মহড়ায় বিদেশি ৬০টিরও বেশি যুদ্ধজাহাজ ও তিনটি বিমান অংশ নিচ্ছে, যা ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-ইভেন্ট হিসেবে বিবেচিত। মহড়ার নৌ-কুচকাওয়াজে ইরানি ডেস্ট্রয়ার ' দা'না'-কেও দেখা গেছে। বিভিন্ন দেশের যুদ্ধজাহাজের সঙ্গে একসঙ্গে অংশগ্রহণের মাধ্যমে এটি আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতার প্রতীকী বার্তা দেয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই মহড়ায় ইরান, রাশিয়া, চীন, জাপান, জার্মানি, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার আরও অনেক দেশ অংশ নিচ্ছে।
এই মহড়ার পাশাপাশি ভারতের পূর্ব নৌ কমান্ড সদর দপ্তরে 'মিলান গ্রাম' উদ্বোধন করা হয়েছে। অংশগ্রহণকারী নৌবাহিনীগুলোর মধ্যে পেশাদার ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই আয়োজন। এটি সামাজিক ও সাংস্কৃতিক বিনিময়ের একটি কেন্দ্র হিসেবে কাজ করছে এবং ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম। সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্প প্রদর্শনী এবং স্থানীয় খাবারের আয়োজন এই 'গ্রাম'-এর অন্যতম আকর্ষণ।
'মিলান ২০২৬' মহড়াটি বন্দর পর্যায় ও সমুদ্র পর্যায়- এই দুটি ধাপে অনুষ্ঠিত হবে। সমুদ্র পর্যায়ে বিমানবাহী রণতরী পরিচালনা, ডুবোজাহাজবিধ্বংসী যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা, নেভাল গান ফায়ারিং, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং বহুজাতিক কৌশলগত মহড়ার মতো অনুশীলন পরিচালিত হবে। বন্দর পর্যায়ে বিশেষজ্ঞ বৈঠক, আন্তর্জাতিক নেভিগেশন সেমিনার এবং তরুণ অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।#
পার্সটুডে/এমএআর/২৩