'মার্কিন নৌ-যানগুলোর চলাচল ও গতিবিধির ওপর কড়া নজরদারি বজায় রেখেছে ইরান'
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারির ট্রাম্পের হুমকি খুবই হাস্যকর ও কৌতুকময়: ইরান
-
ইরানের নৌ-বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি
পার্সটুডে: ইরানের নৌ-বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারির ট্রাম্পের হুমকিকে খুবই হাস্যকর ও কৌতুকময় বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেনে, ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী যোদ্ধারা এ অঞ্চলে মার্কিন নৌ-যানগুলোর প্রত্যেক চলাচল ও গতিবিধির ওপর কড়া নজরদারি বজায় রেখেছে। তাই ইরানের ওপর আরোপিত তৃতীয় যুদ্ধে অপমানজনক পরাজয়ের পর ট্রাম্পের এই জাতীয় হুমকি খুবই হাস্যকর ও কৌতুকময়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ-শাখা বলেছে, হরমুজ প্রণালি আর কখনও আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের জন্য।
সম্প্রতি ইসলামাবাদে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ-পর্যায়ের এক প্রতিনিধি দলের সংলাপ ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির ওপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন করা হয়। এ ছাড়াও খাদ্য ও সারসহ অনেক গুরুত্বপূর্ণ পণ্যও এ অঞ্চল দিয়ে আনা-নেয়া করা হয়। যেসব জাহাজ ইরানকে শুল্ক বা টোল দিবে সেগুলোকে আন্তর্জাতিক সাগরে আটকানো হবে বলেও ট্রাম্প হুমকি দিয়েছেন।
গত ২৮ এপ্রিল ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই কৌশলগত প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সীমাবদ্ধতা বা বিধি-নিষেধ আরোপ করেছে। তেহরান সেখানে বন্ধু দেশগুলোর জাহাজগুলোকে যেতে দিলেও আগ্রাসী দেশগুলো ও তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোর চলাচলে বাধা দিচ্ছে। ইরানের জাতীয় সংসদও এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট-ফি আদায়ের একটি বিল পাসের উদ্যোগ নিয়েছে, এই বিলে মার্কিন ও ইসরায়েলি নৌ-যানের চলাচল পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন