পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: মোদী
পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়, ভবানীপুরে শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা
-
নরেন্দ্র মোদীর উল্লাস
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্য দিয়ে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেড় দশকের শাসনের অবসান ঘটতে চলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। বাকি ১টি আসনেও এগিয়ে আছে তারা। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি ২টি করে এবং সিপিআই(এম) ও অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট ১টি করে আসন পেয়েছে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। তাতে রেকর্ড ৯৩ শতাংশ ভোট পড়ে, যা পুরো ভারতেই নজিরবিহীন। অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। ফলে সোমবার ২৯৩ আসনের ফল প্রকাশ করা হয়। সকাল ৮টায় ভোট গণনা শুরুর পর থেকেই জয়ের আভাস পেতে থাকে বিজেপি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ২০৮টি আসনে এগিয়ে আছে দলটি, আর তৃণমূল এগিয়ে আছে ৬৯ আসনে। অন্যান্য রাজ্যে সাফল্য পেলেও এতদিন পশ্চিমবঙ্গে ঠেকা পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। এবার তারা মমতার রাজ্যের পতন ঘটাল।
হেরে গেলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। ভবানীপুর আসনে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন শুভেন্দু। তিনি নন্দীগ্রাম আসন থেকেও জয়ী হন। অন্যদিকে, মমতা শুধু ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হেরে যাওয়ায় এবার বিধানসভায় যাওয়া হচ্ছে না তাঁর।
ভবানীপুরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বললেন, ‘‘আমাকে জিতিয়েছেন ভবানীপুরের হিন্দু, জৈন, শিখ সমাজ। আমি তাঁদের প্রণাম জানাই। এ জয় হিন্দুত্বের জয়, বাংলার জয়, মোদীজির জয়।’’
ভবানীপুরে নিজের জয় শুভেন্দু উৎসর্গ করলেন, ‘পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জন্য প্রাণ উৎসর্গ করা ৩০০ বিজেপি কর্মীর প্রতি’।
ভবানীপুরের ভোট গণনা হচ্ছিল দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। বিকেলের পর সেখানে গিয়ে ভোট লুটের অভিযোগ তোলেন মমতা। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
এদিকে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে গেরুয়া শিবির। ফলাফল স্পষ্ট হতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’
তার কথায়, ২০২৬ সালের এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এটি জনগণের শক্তি ও সুশাসনের জয়।
মোদি জানান, পশ্চিমবঙ্গের মানুষের এই অভূতপূর্ব রায় বিজেপির প্রতি আস্থা ও ভরসার প্রতিফলন। তিনি রাজ্যের প্রতিটি নাগরিককে প্রণাম জানিয়ে আশ্বাস দেন, মানুষের স্বপ্নপূরণে সর্বশক্তি নিয়োগ করবে তার সরকার। সমাজের সব স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জয়কে ‘ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে জোরালো জবাব’ বলে ব্যাখ্যা করেছেন। তার দাবি, এই ফল নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি মানুষের অটুট আস্থার প্রতিফলন।
পশ্চিমবঙ্গে দলের এ সাফল্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান অমিত শাহ।#
পার্সটুডে/এমএআর/৪