স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কুরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
https://parstoday.ir/bn/news/event-i159734-স্বরাষ্ট্রমন্ত্রীর_হস্তক্ষেপে_কুরবানি_হচ্ছে_না_ভাইরাল_মহিষ_ডোনাল্ড_ট্রাম্প’
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে ভাইরাল অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কুরবানি দেওয়া হচ্ছে না। জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান।
(last modified 2026-05-27T14:33:00+00:00 )
মে ২৭, ২০২৬ ২০:০৮ Asia/Dhaka
  • কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
    কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে ভাইরাল অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কুরবানি দেওয়া হচ্ছে না। জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান।

সালাহউদ্দিন আহমদ আজ (বুধবার) এক বেসরকারি টেলিভিশনকে জানান, "মহিষটিকে ঘিরে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছিল। এ কারণে ক্রেতার কাছ থেকে টাকা ফেরত দিয়ে প্রাণীটিকে খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত এটি সেখানেই লালন-পালন করা হবে।"

এর আগে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে থাকা এই বিরল অ্যালবিনো মহিষটি তার সাদা রঙ ও অদ্ভুত চেহারার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মহিষটির চেহারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল আছে বলে অনেকে মন্তব্য করলে সেটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি অল্প সময়েই ভাইরাল হয়ে পড়ে। সেখান থেকে প্রতি কেজি ৫৫০ টাকা দরে আলোচিত মহিষটি কিনে নিয়েছিলেন কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা সামির নামের এক ব্যক্তি। তিনি গণমাধ্যমকে জানান, মহিষটি কোরবানি করা হবে না। এরইমধ্যে নাকি মহিষটিকে থানায়ও নিয়ে যাওয়া হয়েছে।

ভাইরাল এই মহিষটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয়। এএফপি ও রয়টার্সসহ একাধিক বিদেশি সংবাদমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

বর্তমানে ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে এবং সেটিকে ঘিরে কৌতূহল ও আলোচনাও অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এমএআর/২৭