যুদ্ধ-বিরতি লঙ্ঘন করে দ. লেবাননের বিভিন্ন স্থান ও বহু বাড়িঘরে ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত
দক্ষিণ লেবাননে নিষিদ্ধ ফসফরাস বোমার হামলা চালাল ইসরায়েল
-
দক্ষিণ লেবাননে ফসফরাস বোমা দিয়ে ইসরায়েলি হামলা
পার্সটুডে: বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের হানাদার বাহিনী দক্ষিণ লেবাননের বিনতে জবেইল এলাকার উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে এবং তারা এ হামলায় নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, বৃহস্পতিবার ভোরে দখলদার ইসরায়েলি বাহিনী বিনতে জবেইল জেলার কুনিন ও বেইত ইয়াহুন শহরের মধ্যবর্তী বনাঞ্চলে বোমাবর্ষণ করে। এছাড়া আল-মারকাজিয়া সংবাদ সংস্থাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী বিনতে জবেইল জেলার কুনিন শহরে বোমা হামলা চালিয়েছে।
কয়েকটি সংবাদসূত্রের দাবি, এই হামলায় ইসরায়েলি বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে।
গতকাল (বুধবার) ইসরায়েলি সেনারা বিনতে জবেইল জেলার বেইত ইয়াহুন শহরের বিভিন্ন স্থান ও বহু বাড়িঘরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। একই সঙ্গে তারা বিনতে জবেইল থেকে সীমান্তবর্তী মারুন আল-রাস শহরে যাওয়ার সড়কগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়।
এছাড়া ইসরায়েলি সেনারা বিউত আল-সাইয়াদ এবং মাজদালজুন এলাকায় টহল পরিচালনা করে। এ সময় মাজদালজুন ও আল-মানসুরি শহরের নিকটবর্তী বাগানগুলো দেখতে যাওয়ার চেষ্টা করা কয়েকজন বাসিন্দার ওপর তারা গুলি চালায়।
গত ২ মার্চ থেকে ইসরায়েলি শাসকগোষ্ঠী লেবাননের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এ হামলায় বহু লেবাননি নাগরিক নিহত ও আহত হয়েছেন এবং ১০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু এলাকা এখনো ইসরায়েলি দখলে রয়েছে।#
পার্স টুডে/এমএএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।