হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
-
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ।
চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।
আজ (রোববার) বিকেলে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ৯ দফা লিখিত দাবি দেওয়া হয়।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রী নির্বাচনের আগের মতোই হেফাজতকে সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। জবাবে তিনি বলেন, ইসলাম ও দেশের স্বার্থে প্রধানমন্ত্রী দৃঢ় থাকলে হেফাজতও পাশে থাকবে।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হেফাজতের নেতাদের সঙ্গে একসঙ্গে কাজ করে দেশকে একটি সংকট থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল। তবে দেশের সমস্যা পুরোপুরি শেষ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এ কারণে আগামী দিনগুলোতেও সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি। হেফাজতের উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
গ্যাস-সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিছুটা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। বিদ্যুৎ সংকটের কথাও উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারের সময় পরিকল্পনাহীনভাবে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণে দেশের মানুষকে এখন তার খেসারত দিতে হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়। এই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
বৈঠক শেষে হেফাজতের আমির প্রধানমন্ত্রী ও দেশের কল্যাণে দোয়া করেন। পরে ফটিকছড়ি থেকে হাটহাজারীতে গিয়ে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্সটুডে/এমএআর/৯