মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক, সুরক্ষিত জানালো কর্তৃপক্ষ, কটাক্ষে কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i101168-মোদির_টুইটার_অ্যাকাউন্ট_হ্যাক_সুরক্ষিত_জানালো_কর্তৃপক্ষ_কটাক্ষে_কংগ্রেস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট গতকাল (শনিবার) দিবাগত মধ্যরাতে কিছুক্ষণের জন্য হ্যাক করা হয়। বর্তমানে সেটি সুরক্ষিত বলে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০২১ ১৫:২০ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট গতকাল (শনিবার) দিবাগত মধ্যরাতে কিছুক্ষণের জন্য হ্যাক করা হয়। বর্তমানে সেটি সুরক্ষিত বলে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে।

ওই অ্যাকাউন্ট থেকে এক বার্তায় বলা হয়, ‘দেশে বৈধতা পাচ্ছে বিটকয়েন। সরকার ৫০০ বিটকয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে।’ এরপরেই মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।    

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ওই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলটি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল। হ্যাক হওয়ার কিছু পরেই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার করা হয় এবং ভুয়ো টুইটটিকে মুছে ফেলা হয়।    

ওই বিষয়ে আজ (রোববার) সাইবার বিশেষজ্ঞ শৈবাল চক্রবর্তী বলেন,  ‘নরেন্দ্র মোদির সম্ভবত ৭০ কোটির উপরে ফলোয়ার আছে। এখন প্রশ্ন হচ্ছে টুইটার কর্তৃপক্ষের ওই বিষয়ে দায়িত্ব নেওয়া উচিত এবং আমাদের পক্ষ থেকে আমি বলব নিশ্চয়ই সেজন্য যে সতর্কতা নেওয়া প্রয়োজন ছিল সেটা নিশ্চয়ই ‘পিএমও’ নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কী করে হ্যাক হয়? বা হ্যাক হয়ে বিটকয়েন ভারতে চালু হয়ে গেল তা সবাইকে দেওয়া হবে, এ রকম উল্টোপাল্টা বার্তা সেখানে পোস্ট করা হয়েছে। এ গুলো আমার মনে হয় টুইটার কর্তৃপক্ষ নিশ্চয়ই তার নিরাপত্তা সংক্রান্ত যে নির্দেশিকা আছে তা অনুসরণ করা হয়েছে কী না তা দেখা উচিত। এবং অবিলম্বে এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার। কারণ এর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে।’   

টুইটার কর্তৃপক্ষ বলেছে ‘প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সেই অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’   টুইটার আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ছাড়াও অন্য কোনও অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কী না তা খতিয়ে দেখা হয়েছে। কিন্তু সেই সময়ে অন্য কোনও অ্যাকাউন্ট হ্যাক হয়নি বলেই টুইটার কর্তৃপক্ষের দাবি।   

অন্যদিকে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ টিমও কী ভাবে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক হল, কোথায় ত্রুটি ছিল তা খতিয়ে দেখছে। কোন সূত্র থেকে ওই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তার অনুসন্ধান চালাচ্ছে বিশেষজ্ঞ দলটি। 

এদিকে, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে কটাক্ষ করেছে প্রধান বিরোধীদল  কংগ্রেস। জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনীবাস বিভি টুইটের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘গুড মর্নিং মোদিজী, সব চাঙ্গা সি?’  তিনি কটাক্ষ করে বলেন, ‘হ্যাকাররা যখন মোদজির অ্যাকাউন্ট থেকে বিটকয়েন বিক্রি করছিল,  তখন ‘চৌকিদার’ কোথায় ছিল?’ এছাড়াও ওই ইস্যুতে বিভিন্ন মন্তব্য করেছেন জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনীবাস বিভি। #

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।