বেনাপোল স্থল বন্দরে ফের ভারতীয় ট্রাক চালক আক্রান্ত, ব্যবসা বন্ধের আশঙ্কা
https://parstoday.ir/bn/news/india-i101292-বেনাপোল_স্থল_বন্দরে_ফের_ভারতীয়_ট্রাক_চালক_আক্রান্ত_ব্যবসা_বন্ধের_আশঙ্কা
ভারতীয় ট্রাক চালকরা ফের বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে আক্রান্ত হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২১ ১৫:২০ Asia/Dhaka
  • ট্রাক চালক
    ট্রাক চালক

ভারতীয় ট্রাক চালকরা ফের বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে আক্রান্ত হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অজ্ঞাত দুর্বৃত্তরা ভারতীয় ট্রাক চালকদের ভয় দেখিয়ে, মারধর করে টাকা, মোবাইল ফোন ইত্যাদি ছিনিয়েছে বলে অভিযোগ।    

এ ধরণের ঘটনা পরপর ঘটতে থাকায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে দু’দেশের মধ্যে ব্যবসা বন্ধের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি হৃষীকেশ যাদব নামে এক ট্রাক চালক বেনাপোল বন্দরে ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত  হয়েছিলেন। গত (শনিবার) তারা ওই ইস্যুতে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই ঘটনার জের না মিটতেই এবার আজ (বুধবার) ফের দুর্বৃত্তদের আক্রমণের মুখে পড়লেন ভারতীয় ট্রাক চালকরা।     

এ প্রসঙ্গে আজ (বুধবার) ‘পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর সম্পাদক কার্তিক চক্রবর্তী গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দুই/তিন দিন আগে আমাদের ড্রাইভারদের বাংলাদেশে চপার দিয়ে কুপিয়েছে। সুসংহত বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ড্রাইভাররা এক্সপোর্টের পণ্যবাহী ট্রাক নিয়ে যায়। কিন্তু এ রকম ব্যবহার আমরা আশা করিনি। আমরা সেটাকে অবাঞ্ছিত ঘটনা হিসেবে ধরলেও আজকে আবারও একই জায়গায় একই পোর্টে আমাদের ৮/১০ জন ড্রাইভার যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে, ওরা বাংলা ভাষা জানে না, তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন করেছে, তাদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনতাই করা হয়েছে। গতকাল গভীর রাতে ওই ঘটনা ঘটেছে। যারফলে সমস্ত ড্রাইভাররা আজকে সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান করছিলেন। ‘এরকম ঘটনা আর হবে না’ বলে বাংলাদেশের পোর্টের প্রতিনিধি এসে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই ‘আর হবে না’  প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছে। আমাদের ড্রাইভারদের জন্য বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে নুন্যতম নিরাপত্তা নেই! সবচেয়ে আরও আশ্চর্যের বিষয় হল উভয় দেশের সরকারি আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে থাকেন। তাদের কোনও পদক্ষেপ এদের পক্ষে নেই। আমরা খুবই আতঙ্কিত! আগামীদিনে পেট্রাপোলের ব্যবসা বেনাপোলের ওই অব্যবস্থার কারণে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছি।’    

ওই বিষয়ে আজ ‘জনপথ পরিবহণ মজদূর ইউনিয়ন’-এর জেলা কমিটির   সদস্য সন্তোষ মুখার্জি বলেন, ‘বাংলাদেশের মধ্যে ভারতীয় শ্রমিকদের উপরে  যেসব ঘটনা ঘটছে তাতে আমরা আতঙ্কিত! এরফলে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক নিয়ে যাওয়ার প্রতি ড্রাইভারদের অনীহা দেখা দিয়েছে। যদি এরকম ঘটতে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আমাদের শ্রমিকরা যাবে কী না সংশয় সৃষ্টি হয়েছে। আমরা ওই বিষয়ে সরকারি হস্তক্ষেপ চাচ্ছি, অন্যথায় এই পরিসেবা বন্ধ করে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও উপায় থাকবে না।’   

পেট্রাপোল সীমান্তে আজ জিতেন্দ্র প্রজাপতি, সোনু রাই নামে ভারতীয় ট্রাক চালকরা বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে হওয়া ক্ষয়ক্ষতির বিষয় উল্লেখ করে ওই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে বলে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।