পাঞ্জাবে গুরুদোয়ারায় অপবিত্র করার অভিযোগ: ২ জনকে পিটিয়ে হত্যা
ভারতের পাঞ্জাবে দু’টি ভিন্ন ভিন্ন ঘটনায় গুরুদোয়ারায় ‘গ্রন্থ সাহিব’ ও ‘নিশান সাহিব’ অপবিত্র করার চেষ্টার অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল (শনিবার) সন্ধ্যায় অমৃতসরে স্বর্ণ মন্দিরে এক যুবক আচমকা সংরক্ষিত জায়গার মধ্যে ঢুকে পড়ে শিখ সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ ‘গ্রন্থ সাহিব’-এর সামনে রাখা তলোয়ার ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে বের করে আনা হলে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়।
সেই ঘটনার জের না মিটতেই আজ (রোববার) ভোরে ফের কাপুরথালা জেলার নিজামপুর এলাকায় একটি গুরুদোয়ারায় শিখদের পতাকা ‘নিশান সাহিব’ অপবিত্র করার ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ এ ব্যাপারে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতার সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। জনতা তাকে গণপিটুনি দিলে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়।
এ সব ঘটনায় পাঞ্জাবে পুলিশ উচ্চ সতর্কত অবস্থায় রয়েছে। পাঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখার এডিজিপি সমস্ত এসএসপি এবং পুলিশ কমিশনারদের নিরাপত্তা জোরদার করতে বলেছেন। পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এমন ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোও সতর্কতা অবলম্বন করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকার ওই ঘটনার নেপথ্যের গোটা ষড়যন্ত্র ফাঁস করবে।
পাঞ্জাব পুলিশের এডিজিপি ইন্টেলিজেন্স কর্মকর্তাদের দেওয়া আদেশে বলেছেন, শ্রী দরবার সাহিবের ঘটনার পরে শিখ সংগঠন এবং শিখ সমাজে প্রচুর অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর জেরে পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর হতে পারে। সেজন্য সকল সিনিয়র পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গোয়েন্দা শাখার সব ‘এআইজি’কে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসনসহ গোয়েন্দা শাখার সদর দফতরে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সাবেক সভাপতি ও বিজেপি নেতা মনজিন্দর সিরসা গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। সিরসা বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই বিষয়টির তদন্তের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যা সহযোগিতা প্রয়োজন, সরকার সেই বিষয়ে পূর্ণ সমর্থন দেবে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির প্রধান আইনজীবী এইচএস ধামির সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি ঘটনাটিকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেন। তিনি পুলিশ প্রশাসনকে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন, যাতে এর পেছনে লুকিয়ে থাকা আসল ঘটনা উন্মোচিত হয়। এর পাশাপাশি তিনি ‘এসজিপিসি’কে পূর্ণ সহযোগিতা দেওয়ার কথাও বলেন। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল বলেছেন, দরবার সাহিবে ঘটে যাওয়া ঘটনায় যতই দুঃখ প্রকাশ করা হোক তা কম হবে। এই দুর্ভোগ অসহনীয়। এতবড় ঘটনা শিখ সম্প্রদায় সহ্য করতে পারে না। এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এই ষড়যন্ত্র ফাঁস করা খুবই জরুরি। তিনি কেন্দ্রীয় সরকার বা বিচার বিভাগীয় সংস্থার মাধ্যমে বিষয়টির তদন্তের দাবি জানিয়েছেন। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দরবার সাহিবে শ্রী গুরু গ্রন্থ সাহিবের অমর্যাদার ঘটনার তীব্র নিন্দা করেছেন।#
পার্সটুডে/ এমএএইচ/বাবুল আখতার /১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।