কেন্দ্রীয় সরকার ভারতকে সাম্প্রদায়িক করে তুলছে : ডা. ফারুক আব্দুল্লাহ
-
ডা. ফারুক আব্দুল্লাহ
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, সরকার ভারতকে সাম্প্রদায়িক করে তুলছে।
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ইস্যু এবং উপত্যকায় সন্ত্রাসবাদ- সব বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা করে চলেছেন।
গণমাধ্যমে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, কাশ্মীরের পরিস্থিতি একটি 'আগ্নেয়গিরির' মতো যা যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হলে ফলাফল কী হবে জানতে চাইলে তিনি বলেন, এটি পুরো দেশকে সঙ্গে নিয়ে যাবে এবং কিছুই অবশিষ্ট থাকবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতে একজন মুসলিম হওয়া কেমন লাগে? এর জবাবে ডা. ফারুক আবদুল্লাহ বলেন, এটা ভীতিজনক। আবদুল্লাহ বলেন, ভারত সাম্প্রদায়িক হয়ে উঠছে। এটা ধর্মনিরপেক্ষ ছিল। সরকার এটাকে সাম্প্রদায়িক করছে, তারা মানুষকে বিভক্ত করছে।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের অভাব এবং তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে ফাটল নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিতে গভীরভাবে আহত হয়েছেন যে কংগ্রেস তাকে সাহায্য করেনি, বরং পশ্চিমবঙ্গের নির্বাচনে যখন তাকে বিজেপির পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল তখন তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
ফারুক আবদুল্লাহ বলেন, ন্যাশনাল কনফারেন্স আসন পুনর্বিন্যাস কমিশনের প্রস্তাবকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে। তিনি বিশ্বাস করেন যে জম্মুকে কাশ্মীরের চেয়ে বেশি আসন দেওয়ার সিদ্ধান্ত সংবিধানের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলোর লঙ্ঘন। অন্যদিকে, বিরোধীদের মতে, আসন পুনর্বিন্যাসের মাধ্যমে হিন্দু অধ্যুষিত জম্মুতে আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে জম্মু-কাশ্মীরে নির্বাচনে জেতার কৌশল নিয়েছে বিজেপি।#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।