ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরত আনার জন্য আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান
ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে সেখানে আটকে পড়া শিক্ষার্থীদের সরিয়ে নিতে ব্যস্ত ভারত। এতে ভারতকে সাহায্য করছে পাকিস্তান। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শিক্ষার্থীরা ভারতে আসছে। পাইলট বলেন, ইউক্রেনের সঙ্কটজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবাই একে অপরকে সাহায্য করছে। ভারতীয় ছাত্রদের রোমানিয়া ও হাঙ্গেরি হয়ে ভারতে আনা হচ্ছে।
হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ সূত্রে প্রকাশ, রোমানিয়ার বুখারেস্ট থেকে এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট ২৪০ এবং ১৯৮ জন যাত্রী নিয়ে রোববার দিল্লি পৌঁছেছে। এই ফ্লাইটগুলো বিশেষ চার্টার্ড ফ্লাইট হিসেবে পরিচালিত হয়েছিল। ২৪০ জনকে নিয়ে আসা বিমানের পাইলট ক্যাপ্টেন অচিন্ত ভরদ্বাজ বলেছেন, পাকিস্তানসহ সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ওই অভিযানকে সমর্থন করেছে।
পাকিস্তান সরাসরি বিমান রুট দিয়েছে
ক্যাপ্টেন ভরদ্বাজ বলেন, আকর্ষণীয় বিষয় হল রোমানিয়া থেকে দিল্লি, তেহরান হয়ে পাকিস্তান পর্যন্ত সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল নেটওয়ার্ক আমাদের সহযোগিতা করেছে। পাকিস্তানও কোনো কারণ জিজ্ঞেস না করে আমাদের সরাসরি বিমান রুট দিয়েছে। এতে আমাদের সময়ও কম লেগেছে। আমরা রোমানিয়ার মাধ্যমে ফ্লাই করি না, তবে এটিসি এবং সরকারের মধ্যে ভাল সমন্বয় ছিল।
‘অপারেশন গঙ্গা’র অধীনে ভারতীয়দের উদ্ধার
‘অপারেশন গঙ্গা’র অধীনে এ পর্যন্ত ৪টি ফ্লাইটে ইউক্রেন থেকে মোট ১১৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ২৪০ জন ভারতীয় নাগরিকও যাত্রা করেছেন। এরআগে শনিবার, রোমানিয়া থেকে প্রথম ফ্লাইটটি ২১৯ জন ভারতীয় ছাত্রকে নিয়ে মুম্বাই পৌঁছেছিল। রোমানিয়ায় বিশেষ ফ্লাইটের জন্য পাঁচজন পাইলট, ১৪ জন কেবিন ক্রু, তিনজন বিমান প্রকৌশলী এবং দু’জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।
ঝড়ের মধ্যেই প্লেন ল্যান্ড করিয়েছিলেন অচিন্ত ভরদ্বাজ
সম্প্রতি, এয়ার ইন্ডিয়ার ভারতীয় পাইলট অচিন্ত ভরদ্বাজ লন্ডনে প্রবল ঝড়ের মধ্যে ফ্লাইটটির নিরাপদ এবং সাহসী অবতরণের করিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ভি মুরালীধরন স্বাগত জানিয়েছেন
কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালীধরন দিল্লি বিমানবন্দরে ইউক্রেন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া ভারতীয় নাগরিকদের স্বাগত জানান।
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।