‘ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে আরএসএস-বিজেপি’
-
সীতারাম ইয়েচুরি
ভারতে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে আরএসএস-বিজেপি। তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে।’ গতকাল (রোববার) কেরালা রাজ্যের কান্নুরের জওহর স্টেডিয়ামে সিপিআইএমের পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
সীতারাম ইয়েচুরি বলেন, ‘হিন্দুত্বের ফ্যাসিবাদী কর্মসূচিকে কায়েম করতে চাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)। সেই লক্ষ্যেই গোটা রাষ্ট্রকে ওরা পরিচালনা করছে। জাতীয় সম্পদকে কর্পোরেট লুটেরাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। কর্পোরেট-সাম্প্রদায়িক শক্তির অশুভ আঁতাত তৈরি হয়েছে। দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে খর্ব করা হচ্ছে। রাষ্ট্র ক্রমশ আরও স্বৈরতান্ত্রিক হয়ে উঠছে।’ ইয়েচুরি বলেন, পার্টি কংগ্রেসে ওই বিষয়ে আলোচনা হয়েছে। হিন্দুত্বের এই ফ্যাসিবাদী চক্রান্তকে প্রতিহত করতে সিপিআই(এম) দৃঢ়প্রতিজ্ঞ।
সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মুহাম্মাদ সেলিম বলেন, ‘গোটা দেশ যখন স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন করছে, তখন দেশের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দেশের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ও মানুষের অধিকারকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে ‘বিজেপি-আরএসএস’। ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টাকে রুখে দেওয়ার দায়িত্ব বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিগুলোর।’
পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা উল্লেখ করে মুহাম্মাদ সেলিম বলেন, ‘গত একদশক ধরে এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের রাজ্য। বাড়িঘর লুট, খুন, জখম, নারীদের উপর নির্যাতন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বামপন্থীরা তো বটেই, সর্বস্তরের মানুষ আক্রান্ত হচ্ছে। বিশেষকরে সংখ্যালঘু, দলিত, তফসিলী জাতি ও আদিবাসীসহ গরিব মানুষের উপর অত্যাচার চলছে। এমন অবস্থা যে, ধর্ষণের অভিযোগ পর্যন্ত থানা নিচ্ছে না। নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়া যাচ্ছে না! এসবের মোকাবিলা আমাদের করতে হবে।’
গত বুধবার কেরালার কান্নুরে ইকে নায়ানার আকাদেমিতে সিপিআই(এম)-এর ২৩তম পার্টি কংগ্রেস শুরু হয়েছিল। গতকাল রোববার সর্বসম্মতিতে নয়া নেতৃত্ব নির্বাচিত করার মধ্যদিয়ে দলটির পার্টি কংগ্রেস শেষ হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১