কাশ্মিরে গেরিলা হামলায় ৩ বিএসএফ নিহত, রিপোর্ট তলব রাজনাথের
https://parstoday.ir/bn/news/india-i11113-কাশ্মিরে_গেরিলা_হামলায়_৩_বিএসএফ_নিহত_রিপোর্ট_তলব_রাজনাথের
জম্মু কাশ্মিরে গেরিলা হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন জওয়ান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫ জওয়ান। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৬ ১৬:৪১ Asia/Dhaka
  • কাশ্মিরে গেরিলা হামলায় ৩ বিএসএফ নিহত, রিপোর্ট তলব রাজনাথের

জম্মু কাশ্মিরে গেরিলা হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন জওয়ান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫ জওয়ান। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ (শুক্রবার) বিকেলে বিএসএসের গাড়িবহরে ভয়াবহ ওই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফের ডিজি’র কাছে রিপোর্ট তলব করেছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফের ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের খোঁজে অতিরিক্ত বাহিনী, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলস তল্লাশি শুরু করেছে।

জম্মু-কাশ্মির পুলিশের ডিরেক্টর জেনারেল কে রাজেন্দ্র বলেন, আজ বিকেল সাড়ে ৪ টে নাগাদ বিজবেহারায় জাতীয় সড়কের ওপর দিয়ে সেনাবাহিনীর গাড়িবহর যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি চালায়। গুলিতে নিহত হন বিএসএফ-এর হেড কনস্টেবল্ গিরিশ কুমার শুক্ল, কনস্টেবল মহিন্দর রাম এবং হাবালদার দীনেশ। গুরুতর আহত হয়েছে আরো পাঁচ জওয়ান। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিরাপত্তা বাহিনীর উপরে হামলাকারীদের সংখ্যা ৩ বলে মনে করা হচ্ছে। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি সূত্রে প্রকাশ, হামলাকারীরা বিজবেহারায় একটি সরকারি হাসপাতালে লুকিয়ে আছে। যদিও অন্য একটি সূত্র বলছে হামলাকারীরা একটি মারুতি গাড়ি হাইজ্যাক করে পালিয়ে গেছে।

এদিকে, বিএসএফে গাড়ি বহরে হামলার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদীন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩