মন্ত্রিত্ব হারালেন ‘ইডি’র হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i111170-মন্ত্রিত্ব_হারালেন_ইডি’র_হাতে_গ্রেফতার_হওয়া_পার্থ_চট্টোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা ‘এসএসসি’ নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ইডি) হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০২২ ১৪:৫৫ Asia/Dhaka
  • পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা ‘এসএসসি’ নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ইডি) হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, 'পার্থ দা’র হাতে থাকা দফতরগুলো আপাতত আমার হাতে থাকছে। ওঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। যতক্ষণ না মন্ত্রিসভা নতুন করে গঠন না হচ্ছে।' 

এর আগে  পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলীয় সমস্ত পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।   তিনি আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই দাবি জানান। পরে ওই ইস্যুতে শোরগোল সৃষ্টি হলে তিনি এ সংক্রান্ত বার্তা প্রত্যাহার করে নিয়ে এ বার দল বিষয়টি দেখছে বলে মন্তব্য করেন। এবং সেজন্য আগের টুইটটি তিনি মুছে দিচ্ছেন বলে জানান।

কুণাল ঘোষ বলেন,   আজ বিকেলে তৃণমূল ভবনে দলীয় বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির ওই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।  কিন্তু তার আগেই পার্থকে মন্ত্রীসভা থেকে ছেঁটে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা।   

‘এসএসসি’ নিয়োগ দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ১০ দিনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র হেফাজতে    রয়েছেন।  পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, ‘মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হোক। ওঁকে বহিষ্কার করা হোক।  আমার এই বিবৃতি যদি ভুল মনে হয়, তা হলে সমস্ত পদ থেকে আমায় সরানোর অধিকার রয়েছে দলের। তৃণমূলের সৈনিক হিসাবে দায়িত্ব পালন করে যাবো।’  

এ দিকে, ইডির তল্লাশি অভিযানে এর আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের  টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২১ কোটি ৯০ লাখ টাকা। পরে গতকাল (বুধবার) বেলঘরিয়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ফের উদ্ধার হয়েছে ২৭.৯০ কোটি টাকা। এ ছাড়া ৪.৩১ কোটি টাকার সোনার গহনা ইত্যাদি উদ্ধার হয়। সব মিলিয়ে প্রায় ৩২ কোটির সম্পত্তি।

কমপক্ষে ১০ ঘণ্টা ধরে বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে চলে উদ্ধার হওয়া টাকা গোনার কাজ। অবশেষে আজ (বৃহস্পতিবার) ভোর ৪টে নাগাদ টাকা গোনার কাজ শেষ হয়। টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হওয়া নগদের পরিমাণ ৪৯.৮ কোটি। এত বিপুল পরিমাণ টাকার পাহাড় কীভাবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এল, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এর যোগসূত্রসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন ‘ইডি’র কর্মকর্তারা। #

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।