রাজস্থানের বাড়মেরে মিগ-২১ যুদ্ধ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/india-i111216-রাজস্থানের_বাড়মেরে_মিগ_২১_যুদ্ধ_বিমান_বিধ্বস্ত_২_পাইলট_নিহত
ভারতের রাজস্থানের বাড়মেরের ভিমদা গ্রামে যুদ্ধবিমান মিগ-২১ বাইসন (প্রশিক্ষক বিমান) বিধ্বস্ত হওয়ায় বিমানের দুই পাইলট উইং কমান্ডার এম রাণা ও ফ্লাইট লেফটেন্যান্ট অদ্বিতীয় বল নিহত হয়েছেন। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৯, ২০২২ ১১:২৫ Asia/Dhaka
  • রাজস্থানের বাড়মেরে মিগ-২১ যুদ্ধ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের রাজস্থানের বাড়মেরের ভিমদা গ্রামে যুদ্ধবিমান মিগ-২১ বাইসন (প্রশিক্ষক বিমান) বিধ্বস্ত হওয়ায় বিমানের দুই পাইলট উইং কমান্ডার এম রাণা ও ফ্লাইট লেফটেন্যান্ট অদ্বিতীয় বল নিহত হয়েছেন। 

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ৯টা ১০ মিনিটে বিমান বাহিনীর ওই যুদ্ধ বিমানের বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ৮/১০ কিলোমিটার পর্যন্ত শব্দ শোনা গেছে। আধা কিলোমিটার পর্যন্ত ধ্বংসস্তূপের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় নিহত এম রাণা হিমাচল প্রদেশের মান্ডির বাসিন্দা এবং অদ্বিতীয় বল জম্মুর বাসিন্দা ছিলেন। 

গভীর রাতে বিমান বাহিনী ঘটনাস্থলের আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকা দখলে নেয়। বিমান বাহিনী ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ সংগ্রহ করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে ১০০ জনেরও বেশি জওয়ান এবং বিমান বাহিনীর কর্মকর্তা উপস্থিত রয়েছেন। বিমানটি যেখানে ভেঙে পড়েছিল, সেখানে ১৫ ফুট ব্যাসার্ধের মধ্যে একটি বড় গর্ত তৈরি হয়েছে।গত ৯ বছরে রাজস্থানের বাড়মেরে সামরিক বিমান বিধ্বস্তের এটি অষ্টম ঘটনা।

গণমাধ্যমে প্রকাশ, গত ৬ দশকে মিগ-২১ সংক্রান্ত ৪০০ টিরও বেশি ঘটনা ঘটেছে যাতে ২০০ জনের বেশি পাইলট প্রাণ হারিয়েছেন। ভারতীয় বিমান বাহিনী ১৯৬২ সালে প্রথম এটিকে বিমান বহরে অন্তর্ভুক্ত করে। 

রাজস্থানের বাড়মের জেলায় এর আগে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি, ৭ জুন, ১৫ জুলাই মিগ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ২০১৫ সালের ২৭ জানুয়ারি, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর, ২০১৭ সালের ১৫ মার্চ, ২০২১ সালের ২৫ আগস্ট এবং এবার ২০২২ সালের ২৮ জুলাই মিগ যুদ্ধ বিমান বিধ্বস্ত হল। 

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধসহ অনেক ক্ষেত্রে মিগ-২১ যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাশিয়া ১৯৮৫ সালে এই বিমান তৈরি করা বন্ধ করে দেয়, কিন্তু ভারত তার আপগ্রেড ভেরিয়েন্ট ব্যবহার করে যাচ্ছে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।