‘আরএসএস’ ব্রিটিশদের সাহায্য করেছিল, স্বাধীনতা সংগ্রামে বিজেপি কোথাও ছিল না: রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি উগ্রহিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) এবং বিজেপির সমালোচনা করে বলেছেন, ‘আমি মনে করি আরএসএস ব্রিটিশদের সাহায্য করেছিল এবং সাভারকর ব্রিটিশদের কাছ থেকে উপবৃত্তি পেয়েছিলেন।’
রাহুল গান্ধী আজ (শনিবার) বিজেপিসাসিত কর্ণাটকে এক সংবাদ সম্মেলনে এভাবে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস এবং হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা সাভারকরকে নিশানা করেন।
রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে বিজেপি কোথাও ছিল না। বিজেপি এমন ঘটনা আড়াল করতে পারে না। কংগ্রেস এবং তার নেতারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আমরা ফ্যাসিবাদী দল নই। আমরা এমন একটি দল যারা সংলাপে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। দেশে বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো দেশবিরোধী কাজ। যারা ঘৃণা ও সহিংসতা ছড়ায় আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের সংবিধান বলে যে ভারত, রাজ্যগুলোর একটি সঙ্ঘ। এর অর্থ হল আমাদের সমস্ত ভাষা, রাজ্য এবং ঐতিহ্যের সমান গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এটাই আমাদের দেশের প্রকৃতি।’
কর্ণাটকে আসন্ন নির্বাচন প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘ আগামী নির্বাচনে কংগ্রেস এখানে জিতবে। আমার অভিজ্ঞতায় মানুষ দুর্নীতি, মূল্যস্ফীতি ও বেকারত্বের হারে ক্লান্ত।
আজ (শনিবার) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে হওয়া ‘ভারত জোড়ো পদযাত্রা’র ৩১তম দিন। রাহুল গান্ধীর নেতৃত্বে শনিবার তুমাকুরুর মায়াসান্দ্রা থেকে এই যাত্রা শুরু হয়। এ সময়ে বিপুলসংখ্যক কংগ্রেস কর্মী তাকে স্বাগত জানান। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।