ক্রিকেট রাজনীতি: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন আসাদউদ্দিন ওয়াইসির
https://parstoday.ir/bn/news/india-i114822-ক্রিকেট_রাজনীতি_ভারত_পাকিস্তান_ম্যাচ_নিয়ে_প্রশ্ন_আসাদউদ্দিন_ওয়াইসির
ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ভারত এবার পাকিস্তানের সাথে ম্যাচ খেলছে কেন?
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০২২ ১৪:৫৬ Asia/Dhaka
  • আসাদউদ্দিন ওয়াইসি
    আসাদউদ্দিন ওয়াইসি

ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ভারত এবার পাকিস্তানের সাথে ম্যাচ খেলছে কেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা বাড়তে চলেছে এবং ক্রীড়াপ্রেমীরা আগামীকাল (রোববার) ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য অপেক্ষা করছে। এর মধ্যেই আজ (শনিবার) ওয়াইসির ওই মন্তব্য প্রকাশ্যে এলো। ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন বাছাই পর্বের ম্যাচ চলছে। আগামীকাল ২৩ অক্টোবর মূলপর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত ও পাকিস্তান।    

২০২৩ সালের এশিয়া কাপে ভারতকে পাকিস্তানে না পাঠানোর কথা বলেছে ভারত। এ নিয়ে চলতি ম্যাচকে নিশানা করেছেন ওয়াইসি। তিনি বলেন, 'এখন আপনি কেন আগামীকাল অস্ট্রেলিয়ায় পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলছেন? খেলতে চাই না। আমরা পাকিস্তানে যাব না, কিন্তু অস্ট্রেলিয়ায় তাদের সঙ্গে খেলব। এটা কী ধরণের ভালবাসা? পাকিস্তানের সাথে খেলবেন না।'

ওয়াইসি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে না খেললে কী হবে? টিভির জন্য ১/২ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। কিন্তু এটা কী ভারতের চেয়ে বেশি? ছেড়ে দিন, খেলবেন না।’ ওয়াইসি বলেন, ‘এখন আমি জানি না কে ম্যাচটি জিতবে, তবে আমি চাই ভারত জিতুক এবং শামি এবং মুহাম্মদ সিরাজের মতো আমাদের ছেলেরা পাকিস্তানকে হারাতে ভাল খেলুক।’ এ সময়ে তিনি মুসলিম খেলোয়াড়দের ট্রোলিংয়ের বিষয়টিও উল্লেখ করেন।   

ওয়াইসি বলেন, 'জিতলে জিন্দাবাদ কিন্তু হারলে কীভাবে হারল তা  অনুসন্ধান শুরু করবে। সমস্যাটা কী! এটা ক্রিকেট। তিনি বলেন, 'আমাদের হিজাব নিয়ে সমস্যা, দাড়ি নিয়ে সমস্যা, হালাল গোশত নিয়ে সমস্যা এবং ক্রিকেট ম্যাচ নিয়েও আপনাদের সমস্যা আছে। সব কিছুতেই সমস্যা। কিন্তু মনে রাখবেন আমাদের অস্তিত্ব শেষ হওয়ার নয়, ইনশাআল্লাহ্তায়ালা। দুনিয়াতে যতদিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ বলার লোক থাকবে দুনিয়া আবাদ থাকবে, যে দিন কেউ তা বলার থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে।'        

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ সম্প্রতি বলেছিলেন, ভারতীয় দল ক্রিকেট খেলতে পাকিস্তানে যাবে না। জয় শাহ বলেছিলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে।পাকিস্তানে দল যাবে কী না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’ 

এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও তীব্র প্রতিক্রিয়া আসে। এক বিবৃতিতে পাক বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘এই মন্তব্যে (জয় শাহের মন্তব্যে) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা দেশগুলোর মধ্যে  ভাঙন ধরতে পারে। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে, তা হলে ২০২৩ সালে ভারতে এক দিনের বিশ্বকাপ ও ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে ভারতে হতে চলা আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তান না-ও যেতে পারে।’ 

এদিকে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কী না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২২   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।