গুজরাটে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ কার্যকর করার লক্ষ্যে কমিটি গঠন : কেজরিওয়াল-মায়াবতীর সমালোচনা
ভারতে বিজেপিশাসিত গুজরাটে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ কার্যকর করতে কমিটি গড়ার ঘোষণার সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল এবং উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী।
গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ‘ইউনিফর্ম সিভিল কোড’ নিয়ে রাজনৈতিক চাল দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গুজরাটে ইউনিফর্ম সিভিল কোড বা ‘অভিন্ন দেওয়ানি বিধি’ কার্যকর করার লক্ষ্যে ভূপেন্দ্র প্যাটেল সরকার একটি কমিটি গঠনের ঘোষণা করেছে। ওই কমিটির নেতৃত্বে থাকবেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজ্য সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গুজরাটে নির্বাচনী প্রস্তুতিকে সামনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ (রোববার) বলেন, ‘ইনিফর্ম সিভিল কোড’ কার্যকর করা সরকারের দায়িত্ব, কিন্তু বিজেপির উদ্দেশ্য খারাপ। সংবিধানের ৪৪ অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা আছে যে ‘ইনিফর্ম সিভিল কোড’ বাস্তবায়নের দায়িত্ব সরকারের।
কেজরিওয়াল বলেন, ‘সরকারকে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করা উচিত। এমনভাবে তৈরি করা উচিত যাতে সকল সম্প্রদায়ের সম্মতি থাকে, সমস্ত সম্প্রদায়কে সঙ্গে নিয়ে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি হওয়া উচিত। কিন্তু বিজেপি কী করেছে? উত্তরাখণ্ডে নির্বাচনের আগে তারা একটি কমিটি গঠন করেছিল, কিন্তু উত্তরাখণ্ডে নির্বাচনে জয়ী হওয়াযর পর কমিটি বাড়ি চলে গেছে। গুজরাটেও নির্বাচনের আগে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের পরে এটিও বাড়ি চলে যাবে। মধ্যপ্রদেশে কেন তৈরি করা হচ্ছে না? উত্তর প্রদেশে কেন তৈরি করা হচ্ছে না? যদি তাদের উদ্দেশ্য সঠিক হয় তাহলে সারা দেশের জন্য কেন ইউনিফর্ম সিভিল কোড তৈরি করা হচ্ছে না? যদি ওদের উদ্দেশ্য ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার হয় তাহলে দেশের জন্য তা করা হচ্ছে না কেন? দেশে কার্যকর করুক। লোকসভা নির্বাচনের অপেক্ষা করছে নাকি?’
অন্যদিকে, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী বলেছেন, ‘উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যেও কর্মসংস্থান ও উন্নয়নের পরিবর্তে বিজেপির পক্ষ থেকে বিতর্কিত এবং বিভাজনমূলক ইস্যুগুলোর মতো ইউনিফর্ম সিভিল কোডকে নির্বাচনী ইস্যু করা বিশেষ কিছু নয়, কিন্তু গুজরাটে এটিকে নির্বাচনী ইস্যু করায় সাধারণ গুঞ্জন জোরালো হয়েছে যে সেখানে বিজেপির অবস্থা সত্যিই ভালো নয়।’
গতকাল (শনিবার) গুজরাট সরকার ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার সদস্য সমন্বিত ওই কমিটির নেতৃত্ব দেবেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিটির সদস্যদের নির্বাচন করবেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এ সংক্রান্ত ঘোষণা করেছেন।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।