গুজরাটে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করে নির্বাচন জেতা হয়: সত্যপাল মালিক
ভারতের মেঘালয়ের সাবেক রাজ্যপাল সত্যপাল মালিক বিজেপিকে নিশানা করে বলেছেন, ওরা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করে গুজরাটে নির্বাচন জয়ী হয়।
তিনি আজ (বৃহস্পতিবার) জয়পুরে পিঙ্কসিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। রাজ্যপাল পদ থেকে অবসর নেওয়ার পর এটাই ছিল সত্যপাল মালিকের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট। বিজেপির নেতারা রাজ্যকে ‘গুজরাট মডেল’ হিসেবে তুলে ধরেন। কিন্তু সাবেক রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, ‘গুজরাটকে আমি খুব কাছ থেকে দেখেছি। ‘গুজরাট মডেল’ বলে কিছু নেই। গুজরাটে অনেক দরিদ্রতা, বেকারত্বও খুব বেশি। কৃষকদেরও অনেক সমস্যা রয়েছে, মেডিক্যাল সুবিধাও নেই। সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনে জয়ী হয়। সাবেক রাজ্যপাল সত্যপাল মালিক প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ে প্রধানমন্ত্রী কৃষকদের ফসলের নূন্যতম সহায়ক মূল্যের কথা বলেছিলেন, কিন্তু দিল্লি গিয়েই বদলে গেছেন।’
তিনি বলেন, ‘হরিয়ানায় শিল্পপতি আদানির গোডাউনে গমের দোকান বসানো হয়েছে এবং কৃষকরা ফসলের নূন্যতম সহায়ক মূল্য ‘এমএসপি’ পাচ্ছেন না। কীভাবে এই কাজ হবে? কৃষকরা উদ্বিগ্ন এবং সরকার খুশি। পেনশন বিলুপ্ত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন। তিনটি কৃষি আইন প্রত্যাহার করার পরে, প্রধানমন্ত্রী বলেছিলেন যে শিগগিরি ‘এমএসপি’ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ‘এমএসপি’ সম্পর্কে কৃষকরা কী করবে?’
সাবেক রাজ্যপাল সত্যপাল মালিক কৃষক আন্দোলন সম্পর্কে বলেন, আগামীতে ‘এমএসপি’র জন্য গুলি চালানো হবে, লাঠিচার্জ করা হবে এবং মানুষ মারাও যাবে। এ নিয়ে কৃষকরা আন্দোলন করবে। সংযুক্ত কিষাণ মোর্চার লোকেরা এ জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমি তাদের সমর্থনে আছি। আন্দোলন আবার চালু হবে। এ জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার। কৃষকরা প্রতারিত হচ্ছেন। তারা প্রতারিত হয়েছেন।’
‘আমি কৃষকের স্বার্থে লড়াই চালিয়ে যাব। এবং আগামী ১১ ডিসেম্বর ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র পক্ষ থেকে ‘কালা দিবস’ পালন করবে’ বলেও মন্তব্য করেন মেঘালয়ের সাবেক রাজ্যপাল সত্যপাল মালিক। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।