বিজেপি-সিপিএম গাঁটছড়া বেধেছে, তাদের একমাত্র উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে অশান্ত করা: জয়প্রকাশ মজুমদার
-
জয়প্রকাশ মজুমদার
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, বিজেপি-সিপিএম গাঁটছড়া বেধেছে, তাদের একমাত্র উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে অশান্ত করা। রাজ্যের বিভিন্ন জায়গায় সম্প্রতি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা প্রসঙ্গে তিনি আজ (শনিবার) ওই মন্তব্য করেন।
আজ তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সিপিএম ও বিজেপিকে নিশানা করে বলেন, ‘পশ্চিমবঙ্গ বোমা বাঁধতে শিখেছে, সিপিএম ও আইপিআই (এমএল) মাওবাদীদের হাত ধরে। তারাই তো পশ্চিমবঙ্গে শেখালো যে, বোমাটা কী জিনিস! আজকে তারা বড় বড় কথা বলছে! রাজ্যে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপি-সিপিএম গাঁটছড়া বেধেছে এটা সবাই জানে। এবং তাদের একমাত্র উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে অশান্ত করা। সেজন্য জায়গায় জায়গায় বোমাবাজি হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, লোকজনের হাত-পা উড়ে যাচ্ছে এবং সেটা নিয়ে মিডিয়ায় হৈ হৈ হচ্ছে। বিরোধীদল ষড়যন্ত্র করছে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য।’
জয়প্রকাশ বাবু বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী একথা বার বার বলছেন যে পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা সুগভীর চক্রান্ত কাজ করছে কেন্দ্রীয় সরকারের মদদে। এখানে বিজেপি এবং বিজেপি যাদের স্পনসর করছে টাকা-পয়সা এবং অন্যান্য সাহায্য করে সেই সিপিএম একে অন্যের দোসর। সিপিএম দলটাকে এখন প্রকারন্তরে চালাচ্ছে বিজেপি। সুতরাং, এই জগাই-মাধাই মিলে পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা সুগভীর চক্রান্ত চলেছে।’
এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘দুষ্কৃতীরা তারা তৃণমূলের নেতৃত্ব দখল করে বসে আছে। যদি দুষ্কৃতীরা যদি দলের নেতা হয় ফলে যা হওয়ার তাই হচ্ছে।’
ওই ইস্যুতে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, ‘গত ১২ দিনে ৬টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদি আমরা তিন মাসের রেকর্ড দেখি তাহলে হাফ সেঞ্চুরি পার করে গেছে। তাতে সাধারণ মানুষের প্রান গিয়েছে, নাবালিকার প্রাণ গিয়েছে, আহত হয়েছে মানুষ। আর প্রত্যেকটা বোমা কারখানার মালিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক- হয় মমতা ব্যানার্জির তৃণমূল, নয় অভিষেক ব্যানার্জির তৃণমূল। তৃণমূল কংগ্রেস আজকে আড়াআড়ি ভাবে দু’ভাগে বিভক্ত হওয়ার ফলে ছড়িয়ে গিয়েছে তৃণমূলের লড়াই’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।