সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাচ্ছে বিজেপি: শান্তনু
https://parstoday.ir/bn/news/india-i116610-সন্ত্রাসকে_হাতিয়ার_করে_বাঁচতে_চাচ্ছে_বিজেপি_শান্তনু
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের নেতা শান্তনু সেন এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি বিভ্রান্তি ছড়িয়ে সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাচ্ছে। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০২২ ১৮:০৮ Asia/Dhaka
  • তৃণমূল নেতা ড. শান্তনু সেন
    তৃণমূল নেতা ড. শান্তনু সেন

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের নেতা শান্তনু সেন এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি বিভ্রান্তি ছড়িয়ে সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাচ্ছে। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।

শান্তনু সেন  আজ বলেন, ‘বিজেপির যে ৩০৩ জন এমপি আছেন, তাদের মধ্যে ১১৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, এটা বিজেপি নয়।’    

তৃণমূল নেতা শান্তনু সেন এমপি বলেন, ‘আমরা সারা বছর মানুষের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করি। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ চাইতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। যারা পঞ্চায়েত নির্বাচনে দেওয়াল লিখন পড়ে নিয়েছে, তাদের ভরাডুবি অবশ্যম্ভাবী। তারা এ ধরণের বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাচ্ছে।’   

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য

রাজ্যের বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার প্রসঙ্গে আজ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে বলেন, ‘তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। সেই লড়াইয়ে যে টিকে থাকতে পারবে তাকেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দখলদারির দায়িত্ব দেওয়া হবে, তাকে পঞ্চায়েতের টিকিট বন্টন থেকে শুরু করে, টিকিটের দায়িত্ব তার কাছে চলে যাবে। সুতরাং, সেই নিয়েই এখন লড়াই হচ্ছে। এরপর প্রস্তুতি ম্যাচে বিরোধীদের উপর, সাধারণ মানুষের উপর এরা আক্রমণ চালাবে, তার প্রস্তুতি চলছে। সারা রাজ্য বারুদের স্তূপের উপর বসে আছে। সমস্ত দুর্বৃত্ত এখন তৃণমূল কংগ্রেসে। দুষ্কৃতীরা মনে করেছে এটা তাদের সরকার। তারা ভয়মুক্ত হয়ে গেছে, কেউ কিছু করতে পারবে না। পুলিশ ও তৃণমূল একই। তৃণমূলই পুলিশ, পুলিশই তৃণমূল’ বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।#

পার্সটুডে/এমএইচকে/জিএআর/৩০