মোদী-শাহের রাজ্য গুজরাটে অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন
https://parstoday.ir/bn/news/india-i116638-মোদী_শাহের_রাজ্য_গুজরাটে_অনুষ্ঠিত_হচ্ছে_প্রথম_দফার_বিধানসভা_নির্বাচন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০২২ ১৪:৩৫ Asia/Dhaka
  • মোদী-শাহের রাজ্য গুজরাটে অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ (বৃহস্পতিবার) প্রথম দফায় ৮৯ টি আসনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৫টা পর্যন্ত। রাজ্যে মোট ৪ কোটি ৯১ হাজার ভোটারের মধ্যে প্রথম দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন ২ কোটি ৩৯ লাখ ভোটার। ১৮২ আসন সমন্বিত বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী ৫ ডিসেম্বর। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।  

গুজরাটের নির্বাচনী লড়াইয়ে কংগ্রেস, বিজেপি, বিএসপি, আম আদমি পার্টি (আপ), অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন  (মিম) তাদের প্রার্থী দিয়েছে।  বিজেপি প্রথম ধাপের নির্বাচনের  জন্য মোট ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৯ এবং পুরুষ প্রার্থীর সংখ্যা ৮০। কংগ্রেস দল মোট  ৮৯টি আসনের জন্য তাদের প্রার্থী দিয়েছে, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬ এবং পুরুষ প্রার্থী ৮৩ জন। আম আদমি পার্টি মোট ৮৮টি আসনে তার প্রার্থী দিয়েছে, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬ এবং পুরুষ প্রার্থীর সংখ্যা ৮২।  

প্রথম দফার নির্বাচনে ‘বিএসপি’ ৫৭ জন প্রার্থী দিয়েছে, যার মধ্যে নারী প্রার্থী ৭ জন এবং পুরুষ ৫০ জন। ওয়াইসির ‘মিম’  মোট ৬টি আসনে প্রার্থী দিয়েছে এবং ৬ জনই পুরুষ প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন মোট ৩৩৯ জন, যার মধ্যে ৩৪ জন নারী এবং ৩০৫ জন পুরুষ। সামগ্রিকভাবে, প্রথম ধাপে মোট ৭৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬৯ এবং পুরুষ ৭১৯ জন। 

গতকাল (বুধবার) রাতে ভনসদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ প্যাটেল যখন নির্বাচনী কেন্দ্রে ঘুরছিলেন, তখন তার উপর হামলা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ সময়ে তার মাথায় আঘাত লাগলে তাকে হাসপাতালে পাঠানো হয়। বিজেপির অভিযোগ, ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনন্ত প্যাটেলের আশ্রিত দুর্বৃত্তরা পীযূষের উপর হামলা চালিয়েছে। #   

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।