'দিল্লি পৌর কর্পোরেশনে জয়ী ‘আম আদমি পার্টি’, ‘ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছে মানুষ’
https://parstoday.ir/bn/news/india-i116890-'দিল্লি_পৌর_কর্পোরেশনে_জয়ী_আম_আদমি_পার্টি’_ঘৃণার_রাজনীতি_প্রত্যাখ্যান_করেছে_মানুষ’
ভারতের রাজধানী দিল্লিতে দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি) নির্বাচনে জয়ী হয়েছে আম আদমি পার্টি (আপ)।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২২ ১৩:৫৪ Asia/Dhaka
  • 'দিল্লি পৌর কর্পোরেশনে জয়ী ‘আম আদমি পার্টি’, ‘ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান  করেছে মানুষ’

ভারতের রাজধানী দিল্লিতে দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি) নির্বাচনে জয়ী হয়েছে আম আদমি পার্টি (আপ)।

দিল্লি পৌর কর্পোরেশন গত ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল হিন্দুত্ববাদী বিজেপি। এবার তাদের হাতছাড়া হল দিল্লি পৌর কর্পোরেশন। ‘এমসিডি’ নির্বাচনে ২৫০টি আসনের মধ্যে আম আদমি পার্টি ১৩৪টি, বিজেপি ১০৪টি, কংগ্রেস ৯টি এবং নির্দলীয় প্রার্থীরা ৩টি আসন পেয়েছে।

আম আদমি পার্টির নেতা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, ‘১৫ বছরের কংগ্রেস সরকারকে দিল্লি থেকে উৎখাত করা হয়েছিল এবং এবার ১৫ বছরের পুরনো এমসিডিও উপড়ে ফেলা হয়েছে। এর মানে হলো মানুষ বিদ্বেষের রাজনীতি পছন্দ করে না। মানুষ বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, পরিকাঠামোর জন্য ভোট দেয়। এবার দিল্লি পরিষ্কার করা হবে।’    

আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং দিল্লির জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় দলের লোকেদের অহংকারে থাকা উচিত নয়। তিনি বলেন, ‘বিজেপি দিল্লি ‘এমসিডি’ নির্বাচনে ৪০০ জন এমপিকে কাজে লাগিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহের ছবি লাগিয়েছিল, জেপি নাড্ডাকে নির্বাচনের দায়িত্ব দিয়েছিল, ১৭ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিল, কিন্তু তার পরেও দিল্লির মানুষ দিল্লির ছেলে অরবিন্দ কেজরিওয়ালকে জিতিয়েছেন।’ ‘আপ’ নেতা সঞ্জয় সিং শ্লোগান তুলে বলেন, ‘দিল্লির লাল, কেজরিওয়াল’।  

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, ‘আজ দিল্লির মানুষ বিজেপিকে পরাজিত করে একটি বড় বার্তা দিয়েছে। যে দলটি নিজেদেরকে বিশ্বের বৃহত্তম দল বলে থাকে এবং ১৫ বছর ধরে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে ক্ষমতায় ছিল, তাকে দিল্লির জনগণ বের করে দিয়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালকে সুযোগ দিয়েছে।’  

অন্যদিকে, ‘আপ’ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির জনগণকে ধন্যবাদ জানাই। এটি একটি বিশাল বিজয়। দিল্লিবাসীকে অনেক অনেক অভিনন্দন, আমিও আপনাদেরকে ভালোবাসি। দিল্লির মানুষ তাদের ছেলে ও ভাইকে আশীর্বাদ করেছে’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। #   

পার্সটুডে/এমএএইচ/এমবিএ /৭      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ