গুজরাটে ফের জয়ী বিজেপি, হাতছাড়া হিমাচল প্রদেশ, জয়ী কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i116938-গুজরাটে_ফের_জয়ী_বিজেপি_হাতছাড়া_হিমাচল_প্রদেশ_জয়ী_কংগ্রেস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে বিপুলভাবে জয়ী হয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।অন্যদিকে, হিমাচল প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে জয়ী হয়েছে কংগ্রেস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২২ ১৫:১৫ Asia/Dhaka
  • গুজরাটে ফের জয়ী বিজেপি, হাতছাড়া হিমাচল প্রদেশ, জয়ী কংগ্রেস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে বিপুলভাবে জয়ী হয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।অন্যদিকে, হিমাচল প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে জয়ী হয়েছে কংগ্রেস।

১৮২ আসন সমন্বিত গুজরাট বিধানসভা নির্বাচনের পর আজ (বৃহস্পতিবার) ভোট গণনায় বেসরকারি ফলে প্রকাশ ১৫৬টি আসনে জয়ী হয়ে বিজেপি এখানে নয়া রেকর্ড সৃষ্টি করতে চলেছে। অন্যদিকে, কংগ্রেস এখানে মাত্র ১৭, আম আদমি পার্টি ৫ এবং অন্যরা ৪টি আসনে জয়ী হতে চলেছে।

এদিকে, ৬৮ আসন সমন্বিত হিমাচল প্রদেশে কংগ্রেস ৩৯, বিজেপি ২৬ এবং অন্যরা ৩ টি আসনে জয়ী হতে চলেছে। হিমাচলে ২০১৭ সালের নির্বাচনে ৪৪ আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন।  

গুজরাটে ১৯৮৫ সালে মাধব সিং সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস ১৪৯ টি বিধানসভা আসন জিতেছিল। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালের নির্বাচনে বিজেপি ১২৭টি আসন জিতেছিল। এবারের এই জয়ের মধ্য দিয়ে দু’টি রেকর্ডই ভেঙে দিয়েছে বিজেপি। রাজ্যটিতে গত ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি।       

গুজরাট বিজেপির প্রধান সিআর পাটিল বলেছেন, গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ১২ ডিসেম্বর দুপুর ২টায় শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   

গুজরাটে বিজেপির জয় প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘তৃতীয় বিকল্প বা অবিজেপি বিকল্পের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তির ক্ষেত্রে, তৃণমূলের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আজকের ফলে আবারও প্রমাণিত হল। নরেন্দ্র মোদীর বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। উনি  সাত বারের এমপি, চার বারের কেন্দ্রীয় মন্ত্রী, দু’বারের রেলমন্ত্রী, তিন বারের মুখ্যমন্ত্রী।’  

অন্যদিকে, রাজ্য বিজেপি নেতা শমিক ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, নরেন্দ্র মোদীর বিকল্প নরেন্দ্র মোদী। বিজেপির বিকল্প বিজেপি, আজকে সেই অবস্থায় চলে এসেছে।’

গুজরাটের আপামর জনসাধারণ গুজরাট সরকার, বিজেপি এবং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদীর উপরে তাদের আস্থা অটুট রেখেছেন  বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শমিক ভট্টাচার্য।# 

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ /৭      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ