বিজেপি ভাঁওতা দিয়ে ২০১৮ সালে ভোট নিয়েছে, এবার যোগ্য জবাব: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i119510-বিজেপি_ভাঁওতা_দিয়ে_২০১৮_সালে_ভোট_নিয়েছে_এবার_যোগ্য_জবাব_অভিষেক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপি ভাঁওতা দিয়ে ২০১৮ সালে ভোট নিয়েছে, তাদের এবার যোগ্য জবাব দেওয়ার সময়ে এসেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৫:০৮ Asia/Dhaka
  • ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফটো)
    ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফটো)

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপি ভাঁওতা দিয়ে ২০১৮ সালে ভোট নিয়েছে, তাদের এবার যোগ্য জবাব দেওয়ার সময়ে এসেছে।

তিনি আজ (শুক্রবার) ত্রিপুরার কদমতলা এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে বলেন, ‘যারা ডাবল ইঞ্জিন সরকারের (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) ভাঁওতা দিয়ে আপনাদের মিথ্যে স্বপ্ন দেখিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, ভাঁওতাবাজি করে ২০১৮ সালে ভোট নিয়েছিল, তাদের যোগ্য জবাব দেওয়ার সময় চলে এসেছে।’    

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের কথা উলেখ করে অভিষেক উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আগামী ১৬ তারিখ আপনাদের দিন, আর কারও দিন নয়। পাঁচ বছর আগে যে ভাঁওতা দিয়েছিল, আপনারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, আবেগ, স্বপ্ন নিয়ে সিপিএমকে তাড়িয়ে ভেবেছিলেন, নতুন মুক্তির সূর্যোদয় ত্রিপুরার মাটিতে ঘটবে যদি আমরা বিজেপিকে ক্ষমতায় আনি। কিন্তু আপনারা দেখেছেন পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে, ২৫ বছর ক্ষমতায় থেকে সিপিএম এ রাজ্যে যা ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি গত পাঁচ বছরে বিজেপি করে দিয়ে গেছে। একেকটা করে বছর এক দশক করে ত্রিপুরার মানুষকে পিছিয়ে দিয়েছে। পাঁচ বছরে কম্পপক্ষে ৫০ বছর এই ত্রিপুরার মাটি পিছিয়ে গেছে’ বলেও মন্তব্য করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। 

ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপি তাদের ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, বিরোধীরা এবার বিজেপিকে সরিয়ে রাজ্যে নতুন সরকারকে ক্ষমতায় আনার চেষ্টা চালাচ্ছে। রাজ্যটিতে আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২ মার্চ।#

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১০