মেঘালয়ে একজোট হয়ে বিজেপি’র বিরুদ্ধে লড়াই করার ডাক দিলেন মমতা   
https://parstoday.ir/bn/news/india-i119980-মেঘালয়ে_একজোট_হয়ে_বিজেপি’র_বিরুদ্ধে_লড়াই_করার_ডাক_দিলেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে একজোট হয়ে বিজেপি’র বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন। মেঘালয়ে আগামী  ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১৪:৩১ Asia/Dhaka
  • মেঘালয়ে একজোট হয়ে বিজেপি’র বিরুদ্ধে লড়াই করার ডাক দিলেন মমতা   

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে একজোট হয়ে বিজেপি’র বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন। মেঘালয়ে আগামী  ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে।

মমতা আজ (বুধবার) মেঘালয়ে দলীয় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে বলেন, বলেন, ‘মেঘালয় চালাবে মেঘালয়ের মানুষ। ত্রিপুরায় নির্বাচনের নামে ভয় দেখিয়ে ভোট করেছে। একজোট হয়ে বিজেপি’র বিরুদ্ধে লড়াই করুন।  মেঘালয়ে তৃণমূল জিতলে বাংলা থেকে টিম পাঠিয়ে বিভিন্ন প্রকল্পে সাহায্য করব। এখানে তৃণমূলকে জেতান, দিল্লি থেকে বিজেপিকে তৃণমূলই হঠাবে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বদল করুন।’

কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বলেন, ‘আমাদের বাংলায় কথায় কথায় কেন্দ্রীয় টিম পাঠিয়ে দেয়। আর অত্যাচার করে মানুষের ঘরে।আর আপনাদের এখানে দেখুন বর্ডারে, বর্ডারে গুলি চলে। কত মানুষ মারা যায়, একবারও ফিরে তাকায় না। গতকালও বিএসএফ ক্যাম্পের মধ্যে একটা খবর পেলাম, একটা বোনকে রেপ করা হয়েছে! অনেক অত্যাচার সহ্য করে আমরা বেঁচে আছি। মেঘালয়ের মানুষদের জন্য মেঘালয়। মনে রাখবেন বহিরাগতরা এসে রাজত্ব করবে,  আর আপনাদের উপরে কখনও ‘এনআরসি’ (জাতীয় নাগরিক পঞ্জি) চাপিয়ে দেবে, কখনও ‘ক্যা’ (সংশোধিত নাগরিকত্ব আইন) চাপিয়ে দেবে, কখনও গুলি চাপিয়ে দেবে, কখনও স্ক্যান্ডাল চাপিয়ে দেবে, এটা আপনারা সহ্য করবেন না।’

মমতা বলেন, ‘এই সরকার কখনও অধিকার কেড়ে নেয়। কখনও তারা বলেন, তুমি কী খাবে তা আমরা ঠিক করে দেব। কখনও বলবে, তুমি কোন স্কুলে যাইবা, আমি ঠিক কইরা দিমু। কখনও বলবে তুমি মাদ্রাসায় যাইবা না, স্কুলে যাইবা। তারা বলেন, তুমি এখানে এটা করবে না, ওটা করবে। মেঘালয় চালাবে শুধু মেঘালয়। মেঘালয় চালাবে না গুয়াহাটি, দিল্লি। আমরাও বাংলা থেকে মেঘালয় চালাব না’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২২   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।