পশ্চিমবঙ্গের কুচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর আক্রমণ
https://parstoday.ir/bn/news/india-i120104-পশ্চিমবঙ্গের_কুচবিহারে_কেন্দ্রীয়_স্বরাষ্ট্র_প্রতিমন্ত্রী_নিশীথ_প্রামাণিকের_গাড়ির_উপর_আক্রমণ
ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর হামলা হয়েছে। ওই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে হয়ে উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৫:২১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের কুচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর আক্রমণ

ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর হামলা হয়েছে। ওই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে হয়ে উঠেছে।

আজ (শনিবার) দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বুড়িরহাট  এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার সময় ‘কালো পতাকা’ হাতে পথ আটকায় তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপরই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি কর্মী-সমর্থকেরা। উভয়পক্ষ এসময়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

বিজেপির অভিযোগ,  তৃণমূলের পক্ষ থেকে সেখানে বোমাবাজি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় নিশীথের গাড়ি। ঘটনাস্থলে নামানো হয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।  
এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘আজকের সমস্ত কর্মসূচী পুলিশকে আগেভাগেই জানানো ছিল। কিন্তু তা সত্ত্বেও পুলিশের সামনেই তার গাড়ির ওপর হামলা চলেছে। বর্তমানে রাজ্যের এই রাজনৈতিক পরিস্থিতির কারণেই  গণতন্ত্র আজ বিপন্ন। মানুষই এর জবাব দেবে।’ 

এপ্রসঙ্গে আজ রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল সহ্যের সীমা অতিক্রম করেছে। সারা ভারতবর্ষের মানুষ দেখবে পশ্চিমবঙ্গে কোন শাসন চলেছে। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে ঢিল, পড়ছে, বোমা পড়ছে, ইট বৃষ্টি হচ্ছে, যেখানে গুলি চলেছে বলে আপনারা বলছেন। এই যদি কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা হয় তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ কী করছে? পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কোথায়?’ বিষয়টিতে নজর দেওয়ার জন্য রাজ্যপালের প্রতি আহ্বান জানিয়েছেন বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।