হুঁশিয়ারি দিলেন সুকান্ত, পাল্টা কটাক্ষ শান্তনুর
কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি শুভেন্দুর
ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অভিযোগ, তার গাড়ির কাচ ভেঙে দিয়েছে তৃণমূলের দুর্বৃত্তরা। এ প্রসঙ্গে আজ (রোববার) তৃণমূল নেতা শান্তনু সেন এমপি বিজেপি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘কেন্দ্রীয় শাসক দল ৩০৩ জন এমপি নিয়ে দেশ চালাচ্ছে, তার মধ্যে ১১৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে! যিনি এই কথাটা বলেছেন, তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্র দফতরের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি তার নিজের নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, তার বিরুদ্ধে ১১ টি ফৌজদারি মামলা আছে! ২০০৯ সালে দু’দুটো সোনার দোকান লুটের অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন। মানব পাচার মামলায় তার বিরুদ্ধে (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) ‘সিবিআই’ তদন্ত চলছিল। এরকম একজন মহামান্য ব্যক্তি বিজেপির দৌলতে ভারতবর্ষের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী! সুতরাং ভারতবর্ষের গণতন্ত্র কোন জায়গায় সেটা তো সহজেই অনুমান করা যায়।’
এদিকে, আজ (রোববার) বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আজ সকালেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মেইল করে জানিয়েছি, আপনি অন্তত দিনহাটা পুলিশ স্টেশনের ক্ষমতা নিয়ে নিন ৩৫৫ ধারা প্রয়োগ করে। কেন্দ্রীয় বাহিনী পাঠান। কারণ, শনিবার সন্ধ্যা থেকে ওখানে অনেক বাড়ি পুড়িয়েছে, লুট করেছে।’

শুভেন্দু অধিকারী বলেন, ‘জঙ্গলের রাজত্ব চলছে বাংলায়। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত ৩৫৬ ধারা প্রয়োগ করে পুলিশের ক্ষমতা নিয়ে নেওয়া। যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, এমন একজন ব্যক্তির যখন কোনও নিরাপত্তা থাকে না তখন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অভিযোগ, তার গাড়ির কাচ ভেঙে দিয়েছে তৃণমূলের দুর্বৃত্তরা। পাল্টা নিশীথের উপরেই ওই ঘটনার দায় চাপিয়েছে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহের অভিযোগ, ‘এই হামলা পূর্ব পরিকল্পিত।’ ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (শনিবার) পশ্চিমবঙ্গের দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং বিজেপি। উভয় দলই একে অপরের বিরুদ্ধে বোমাবাজি, গুলি চালানো ইত্যাদির অভিযোগ করেছে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমপি আজ বলেন, স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে যদি বোমা নিয়ে হামলা হতে পারে, তার পর সেই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কী খুব ভালো বলা যায়? উত্তরবঙ্গ আমাদের শক্ত ঘাঁটি। বিজেপির শক্ত ঘাঁটি। ওখানে মারলে কিন্তু পাল্টা মার খেতে হবে, এটা পরিষ্কার বলে দিচ্ছি। তৃণমূলকে বলব, সাবধান হয়ে যান, নইলে কিন্তু পরে বিপদ আছে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমপি।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।