'মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের উসকে দিয়ে বিজেপি অশান্তি তৈরি করতে চাচ্ছে '
https://parstoday.ir/bn/news/india-i120520-'মহার্ঘ_ভাতার_দাবিতে_আন্দোলনকারীদের_উসকে_দিয়ে_বিজেপি_অশান্তি_তৈরি_করতে_চাচ্ছে_'
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ‘ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের উসকে দিয়ে বিজেপি অশান্তির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০২৩ ১৩:৫৮ Asia/Dhaka
  • 'মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের উসকে দিয়ে বিজেপি অশান্তি তৈরি করতে চাচ্ছে '

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ‘ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের উসকে দিয়ে বিজেপি অশান্তির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি।

তিনি আজ (বৃহস্পতিবার) বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে ওই মন্তব্য করেন। বকেয়া মহার্ঘ ভাতা বা ‘ডিএ’র দাবিতে সরকারি কর্মীদের একাংশের বিভিন্ন সংগঠন আগামীকাল ১০ মার্চ রাজ্য জুড়ে সরকারি  দফতরে ধর্মঘটের ডাক দিয়েছে।  বিরোধীদল বিজেপি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন জানিয়েছে।  অন্যদিকে, রাজ্য সরকার ওই ধর্মঘটের তীব্র বিরোধিতা করে হুঁশিয়ারি দিয়েছে।  

এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের কর্মচারী পরিষদ ও আমাদের শিক্ষক সংগঠন এই ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন করেছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষা কর্মীদের বলব, যারা কেন্দ্রীয় সরকারি হারে ‘ডিএ’র দাবি করেন, ‘ডিএ’ ভিক্ষা  নয়, অধিকার হিসেবে মনে করেন, তারা ভয়ভীতি উপেক্ষা করে কালকে ধর্মঘটে যদি শামিল হতে চান, সেজন্য যদি আপনাদের কোনোভাবে শারীরিক, মানসিকভাবে বা কর্মক্ষেত্রে যদি কেউ অসুবিধার সৃষ্টি করে আপনাদের কর্মচারী সংগঠন যেমন পাশে দাঁড়াবে, সেভাবে আমাদের দল শুধু নয়, বিরোধী দলনেতা বলব ধর্মঘট করার জন্য যদি ট্রান্সফার করা হয়, কোনও শিক্ষকের যদি ‘ব্রেক অফ সার্ভিস’ করা হয়, পরের দিন যদি স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়, তাহলে দয়া করে  আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সমস্ত বিজেপি বিধায়ক আপনাদের পাশে দাঁড়াবে।’        

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি বলেন, ‘সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ‘ডিএ’ ইস্যুতে আন্দোলনকারীদের উসকে দিয়ে বিজেপি অশান্তির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে। আমি শুধু একটাই কথা বলব, সরকারি কর্মীদের পেনশন দেওয়া থেকে শুরু করে, মাসের প্রথম তারিখে বেতন দেওয়া থেকে শুরু করে, চাকরিতে নিয়োগে বয়স সীমা ৩২ থেকে ৪০ বছর করা, সংরক্ষিত শ্রেণিতে ৪২ ও ৪৫ বছর করা, এর সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন।’

‘কেন্দ্রীয় সরকারের কাছে যে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা পাওনা আছে তা শুভেন্দু অধিকারীরা আটকে রেখে দিয়েছে বাংলাকে বঞ্চিত করার জন্য’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি।      

প্রসঙ্গত, বকেয়া মহার্ঘভাতা বা ‘ডিএ’র দাবিতে কোলকাতার শহিদ মিনার চত্বরে গত এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন সরকারি কর্মীদের একাংশ। আগামীকাল ১০ মার্চ  ওই ইস্যুসহ অন্যান্য দাবিতে রাজ্যজুড়ে সরকারি দফতরে ধর্মঘটেরও ডাক  দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে ২০ ও ২১ ফেব্রুয়ারি গোটা দিনের কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলকারীরা। ২৮ ফেব্রুয়রি দু’ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন তারা। #       

পার্সটুডে/এএইচ/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।