নীতীশ কুমার বিজেপিকে শক্তিশালী করার কাজ করেছেন: ওয়াইসি
-
ওআইসি এবং নিতিশ কুমার
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বিহারের মুখ্যমন্ত্রী ও ‘জেডিইউ’নেতা নীতিশ কুমার সম্পর্কে বলেছেন, নীতীশ কুমার বিজেপিকে শক্তিশালী করার কাজ করেছেন।
বিহারের সীমাঞ্চল সফরের সময়ে তিনি আজ (শনিবার) ওই মন্তব্য করেন। নীতিশ কুমার সম্পর্কে ওয়াইসি বলেন, ‘উনি যেকোনো সময়ে বিজেপিতে যেতে পারেন। কে নিশ্চয়তা দেবেন? কত বার গেছেন বিজেপিতে। কত বার আরজেডির সঙ্গে গেছেন। কে যেন বলেছিল তাকে কটাক্ষ করে পল্টু রাম! আমরা বলিনি। যতদিন আপনারা সীমাঞ্চলের সঙ্গে সুবিচার না করবেন, মনে রাখবেন দিল্লির রাস্তা কিন্তু সীমাঞ্চল দিয়েই গেছে’ বলেও মন্তব্য করেন ওয়াইসি।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে সীমাঞ্চলে ‘মিম’ দল পাঁচটি আসন জিতেছিল, যার মধ্যে চার বিধায়ক গতবছর ‘আরজেডি’তে যোগ দিয়েছে। এমন পরিস্থিতিতে সীমাঞ্চলে আরজেডির বিধায়কের সংখ্যা এক থেকে বেড়ে পাঁচজনে পৌঁছেছে। এবং ওয়াইসির দলের বিধায়কের সংখ্যা ৫ থেকে কমে একজনে দাঁড়িয়েছে।
বিহারে আরজেডি-জেডিইউ-কংগ্রেস মহাজোট সরকার ক্ষমতায় রয়েছে। ‘মিম’-এর চার বিধায়ককে ‘আরজেডি’তে শামিল করা প্রসঙ্গে ওয়াইসি বলেন, অর্থের কারণে মহাজোট নিশ্চিতভাবেই তাদের বিধায়ক কিনেছে, কিন্তু গণভিত্তি কেউ কিনতে পারবে না।
ওয়াইসির দলকে ‘মিম’কে বিজেপি’র বি-টিম বলে অভিযোগ করা প্রসঙ্গে ওয়াইসি বলেন, নীতীশ কুমার ২২ বছর ধরে বিজেপিকে সমর্থন করেছিলেন এবং আজ তাকে (মিম) বিজেপির বি-টিম বলা হচ্ছে! তিনি বলেন, নীতীশ কুমার বিজেপিকে শক্তিশালী করছেন। ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী বলছেন মুসলমানদের দল ‘মজলিশ’। নীতীশ কুমার মনে রাখবেন, আপনার মর্যাদা যাই হোক না কেন, আপনি অবশ্যই বিহারের মুখ্যমন্ত্রী, কিন্তু যখন ইতিহাস লেখা হবে, তখন এটাও লেখা থাকবে যে ভারতে যিনি বিজেপিকে শক্তিশালী করেছেন তার নাম নীতীশ কুমার।
ওয়াইসি নীতীশ কুমারের তীব্র সমালোচনা করে বলেন, গুজরাট যখন জ্বলছিল তখন তিনি রেলমন্ত্রী ছিলেন। আপনি গুজরাটের মাটিতে বিজেপিকে শক্তিশালী করেছেন। দেশে যখন আখলাকের মৃত্যু হয়েছিল তখন আপনি বিজেপির সাথে ছিলেন। আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু আপনি সবসময় ধোঁকা দিয়েছেন। সম্পদের জোরে মজলিশের বিজয়ী প্রার্থীদের কিনেছে আরজেডি ও জেডিইউ। আপনারা সীমাঞ্চলের মানুষকে ঠকিয়েছেন। সীমাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেও মন্তব্য করেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।