বিধায়ক নওশাদ সিদ্দিকীর ওপর হামলা: পীরজাদা সাফেরি সিদ্দিকীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া
-
পীরজাদা সাফেরি সিদ্দিকী ও বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী
ভারতের পশ্চিমবঙ্গের ‘আইএসএফ’ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়ায় ফুরফুরা শরীফের পীরজাদা সাফেরি সিদ্দিকী বলেছেন, এখানে আইনের শাসন চলছে না। এখানে মারামারি ফাটাফাটির শাসন চলছে; হুমকির শাসন চলছে!
গতকাল (শনিবার) কোলকাতায় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ‘ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে গিয়ে হামলার শিকার হন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সরকারি কর্মীদের যৌথ আন্দোলন মঞ্চে অনশন কর্মসূচিতে শামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুপুরে তিনি যখন বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন সে সময়ে তার সামনে এসে এক ব্যক্তি তাকে কিছু প্রশ্ন করেন এবং ধাক্কা মারে। অভিযুক্ত ব্যক্তি বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুল সালাম বলে জানা গেছে।
তৃণমূলের দাবি- তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২০২১ সালের নির্বাচনে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন বলেও তৃণমূল নেতাদের দাবি।
ওই ইস্যুতে ফুরফুরা শরীফের পীরজাদা সাফেরি সিদ্দিকী বলেছেন, ‘আমার রাজ্যের একজন বিধায়ক এবং আমাদের পরিবারের একজন ছেলে আমার ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকীর উপরে যেভাবে অমানবিক অত্যাচার করা হল জনগণের সামনে, একজন ব্যক্তি যেভাবে তার উপরে আক্রমণ চালালো, ধাক্কা দিল, আমি তার তীব্র নিন্দা করছি। দেশে আইন ব্যবস্থা কিছু আছে বলে মনে হচ্ছে না। গত রোববার ফুরফুরা দরবার শরীফে ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা আমার দাদাজান ছোটো হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করতে এসেছিল, সেই ছোটো হুজুরকে অমিত শাহের সঙ্গে তুলনা করেছিলেন! তিনি ফুরফুরা দরবার শরীফ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। অপমান অপদস্থ করার পরিকল্পনা করেছিলেন। ফুরফুরা শরীফে সন্ত্রাস, উগ্রপন্থি, মৌলবাদ তৈরি হওয়ার কথা বলা হয়েছিল। আমি এরই প্রতিবাদ করেছিলাম। সেদিন থেকে আজও আমাকে মার্ডার করার হুমকি দেওয়া হচ্ছে! আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, পুলিশকে জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি! আমি আদালতে যাওয়ার কথা ভাবছি।’
তিনি আরও বলেন, ‘আমার রাজ্যের একজন বিধায়ক, জনগণের প্রতিনিধি তার উপরে প্রকাশ্যে যে আক্রমণ হয়েছে, হামলা করেছে আমি তার তীব্র নিন্দা করছি। রাজ্যে পুলিশ প্রশাসনসহ রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী আছেন এবং বিশেষ করে মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। রাজ্যে কী আইনশৃঙ্খলা বলে কিছু নেই! এখানে আইনের শাসন চলছে না। এখানে মারামারি ফাটাফাটির শাসন চলছে! হুমকির শাসন চলছে! এগুলো কবে বন্ধ হবে? আমাকে বহু মানুষ ফোন করে বলছে হুজুর আমরা কী করে বেঁচে থাকব! ধর্মগুরু ছেলে, স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলেদের উপরে যদি এভাবে হুমকি দেওয়া হয় তাহলে জনগণের নিরাপত্তার কী হবে?’
ফুরফুরা শরীফের পীরজাদা সাফেরি সিদ্দিকী এ ব্যাপারে রাজ্যের শিক্ষাবিদ, বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেছেন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে আর চুপ থাকবেন না। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। বাংলাকে সুন্দর করে সাজাতে হবে। তা না হলে এই যে অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে আগামীদিন আমাদের প্রজন্মকে আমরা সুন্দর বাংলা উপহার দিতে পারব না’ বলেও মন্তব্য করেন পীরজাদা সাফেরি সিদ্দিকী।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।