নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে হত্যা, তৃণমূল-বিজেপি পাল্টাপাল্টি বাকযুদ্ধ
https://parstoday.ir/bn/news/india-i121644-নদিয়ায়_তৃণমূল_পঞ্চায়েত_সদস্যকে_হত্যা_তৃণমূল_বিজেপি_পাল্টাপাল্টি_বাকযুদ্ধ
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালি থানা এলাকার একটি বাজারে আমোদ আলী বিশ্বাস নামে এক তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৭, ২০২৩ ১৪:৫০ Asia/Dhaka
  • নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে হত্যা, তৃণমূল-বিজেপি পাল্টাপাল্টি বাকযুদ্ধ

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালি থানা এলাকার একটি বাজারে আমোদ আলী বিশ্বাস নামে এক তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

তিনি রামনগর বড় চুপড়ি-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি ছিলেন। আজ (শুক্রবার) সকালে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাজারে থাকার সময়ে দু’টি মোটর বাইকে আসা ৫ অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে গুলি  চালায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, পানের দোকানের সামনে মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। এর পর স্থানীয় মানুষজন তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।   

এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি বিজেপিকে নিশানা করে বলেন,  ‘পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধী দলের রাজনৈতিক জমি যত পায়ের তলা থেকে সরে যাচ্ছে, তত তারা প্রত্যাখ্যাত হচ্ছে। তারা উসকানি দিচ্ছে, বোমা মারো, গুলি করো, বুকে পা তুলে দাও, পেটে পা দিয়ে মারো, ঝাঁটা দিয়ে মারো, কবর খুঁড়ে মাটিতে পুঁতে দাও ইত্যাদি বলে। সামগ্রিকভাবে তারা বাংলাকে অশান্ত করার তারা যে চেষ্টা করছে, তাতে কোনও লাভ হবে না। কারণ বাংলা শান্তির বাংলা। এই বাংলা অশান্তির বাংলা নয়। যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, বাংলার মানুষ তাদের প্রত্যাখান করবে।’ 

এ প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন সামনে আসাতে একে অপরের এলাকা দখল, ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে। যদি ওদের দলে বিরোধীরা উসকানি দিয়ে ওদের দলের লোকেদের দিয়ে কিছু করিয়ে থাকে তাহলে এখনই কান মলে দল ছেড়ে দিক। যে দলে নেতাদের কথা না শুনে বিরোধীদের কথা না শুনে নিজের দলের লোকেদের খুন করে সেই দলের অপদার্থ নেতাদের গামছা মুখে দিয়ে ঘরে  বসে থাকা উচিত।’ 

এদিকে আজ (শুক্রবার) কুচবিহার জেলার শীতলকুচিতে অজ্ঞাত দুর্বৃত্তদের আক্রমণে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা নীলিমা বর্মণ, তার স্বামী বিমল কুমার বর্মণ (৬৮) এবং তাদের বড় মেয়ে রুনা বর্মণ (২৪) নিহত হয়েছে। তাদেরকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ওই পরিবারের ছোট মেয়ে ইতি বর্মণ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃত নীলিমা বর্মণ শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা, এবং তার স্বামী বিমল চন্দ্র বর্মণ তৃণমূলের এসসি-এসটি ওবিসি সেলের শীতলকুচি ব্লক সভাপতি ছিলেন। আজ (শুক্রবার) ভোর সাড়ে চারটে নাগাদ ওই ঘটনার পর এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশ এ ব্যাপারে বিভূতিভূষণ রায়সহ ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে। #

       

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৭

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।