অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মাথানত করে ক্ষমা চাইলেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i123666-অবৈধ_বাজি_কারখানায়_বিস্ফোরণের_ঘটনায়_মাথানত_করে_ক্ষমা_চাইলেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ২৭, ২০২৩ ১৬:৫৭ Asia/Dhaka
  • অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মাথানত করে ক্ষমা চাইলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ (শনিবার) এগরার খাদিকুলে গিয়ে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। এবং একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু আড়াই লাখ টাকার চেক ও হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এখানে জনসভা করতে আসিনি। তবে একটু আগেই আসা উচিত ছিল। কিন্তু কয়েক দিন আকাশ মেঘলা ছিল। তাই পরিস্থিতি আমায় অ্যালাউ করেনি। তবে আজ সকালেও যখন বৃষ্টি হচ্ছে আমরা রিস্ক নিয়ে বেরিয়ে আসছি। কারণ, আমাকে আসতেই হবে এক বার। আমি আপনাদের সকলের কাছে মাথা নত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি।’

প্রসঙ্গত, গত ১৬ মে পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিলেন।

এদিকে, মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনাকে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি। সিপিএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমপি বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল। কিন্তু ১১ দিন পর উনি সেখানে গিয়ে নাটক করছেন। এই ক্ষমা চাওয়াটা কৃত্রিম এবং নাটকেরই প্রতিফলন।’

বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, ‘এখানে এতগুলো প্রাণ গেল। এতগুলো গরিব মানুষ মারা গেল। শুধুমাত্র একটা শুকনো ক্ষমা চেয়ে আর আড়াই লাখ টাকা দিয়ে, সে টাকাও সরকারি টাকা। এভাবে মুখ্যমন্ত্রী নাম কেনার চেষ্টা করছেন। এবং সব দোষ থেকে পার পাওয়ার চেষ্টা করছেন। এই বেআইনি বাজি কারখানা দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর ছিল, ওটা ওনার দফতরে পড়ে। সেজন্য ব্যর্থতা ওনার। সেই কারণে সাজা চায় মানুষ, যাতে অপরাধী আর অপরাধ না করে’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা। #

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।