মালদহে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন
https://parstoday.ir/bn/news/india-i124552-মালদহে_তৃণমূল_নেতাকে_পিটিয়ে_খুন
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আবহে মালদহে তৃণমূলের এক সাবেক প্রধান নিহত হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে ৬ জন নিহত হলেন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ১৭, ২০২৩ ২১:৩৭ Asia/Dhaka
  • মালদহে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আবহে মালদহে তৃণমূলের এক সাবেক প্রধান নিহত হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে ৬ জন নিহত হলেন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার মালদহের  কালিয়াচকে  খুন হলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান মুস্তাফা শেখ। তাকে বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে  পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মুস্তাফা। রাস্তায় ঘিরে ধরে কুপিয়ে খুন করা হয়েছে তাকে। দুর্বৃত্তদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতারের  দাবি জানিয়েছে তৃণমূল। জানা গেছে, মালদহের সুজাপুর গ্রাম পঞ্চায়েতে ওই কর্মীকে প্রার্থী করেছিল তৃণমূল।

আজ ( শনিবার) দুপুর দেড়টা নাগাদ সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন মুস্তাফা শেখ। সে সময় তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত মুস্তাফা শেখকে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে তৃণমূল।

তৃণমূল বিধায়ক ও রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক ও রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘যারা কিছুদিন আগে তৃণমূলে থেকে তৃণমূল দলকে নষ্ট করার চেষ্টা করেছে, তাদেরকে এবার আমরা টিকিট দিইনি। টিকিট না পাওয়াতে তারা কংগ্রেসে যোগদান করেছে। এখন কংগ্রেসে গিয়ে গুণ্ডারাজ করে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানকে খুন করেছে। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। এটা রাজনৈতিক হত্যা’ বলেও রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা  ইয়াসমিন জানিয়েছেন। ওই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। হত্যার ঘটনায় তাদের কেউ জড়িত নয় বলে কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। #      

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।