‘আইএসএফ’কে বিজেপির হাতের পুতুল বললেন কুণাল, ‘পাত্তা দিইনা’ বললেন নওশাদ
https://parstoday.ir/bn/news/india-i124564-আইএসএফ’কে_বিজেপির_হাতের_পুতুল_বললেন_কুণাল_পাত্তা_দিইনা’_বললেন_নওশাদ
পশ্চিমবঙ্গের ভাঙড়ের ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।  
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ১৮, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • ‘আইএসএফ’কে বিজেপির হাতের পুতুল বললেন কুণাল, ‘পাত্তা দিইনা’ বললেন নওশাদ

পশ্চিমবঙ্গের ভাঙড়ের ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।  

তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকি বলেছেন,  ‘এই বিষয়কে আমি পাত্তা দিইনা। এটা আসলে তৈরি করা হয়েছে আমার মনোযোগকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আমার মনোযোগ এখন পঞ্চায়েত নির্বাচনের উপরে আছে, সেটা থেকে দূরে সরানোর জন্য অভিযোগ করা হচ্ছে। আমার সাথে সাথে জনসাধারণ যাতে আইএসএফ-এর প্রতি বিরূপ ধারণা করে, সেজন্য এসব করার চেষ্টা করছে। এটা একটা ‘নতুন গুজব’। এই গুজব ছড়িয়ে ভাবছে বাংলার জনগণকে আবার  ২০২১ সালে ‘এনআরসি-সিএএ’র (জাতীয় নাগরিক পঞ্জি-সংশোধিত নাগরিকত্ব আইন) ভয় দেখিয়ে যেমন ভোট নিয়েছে, এটা হয়ত দেখাবে। কিন্তু বাংলার জনগণ যথেষ্ট সচেতন। আমি বাংলার জনগণকে বলছি, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমার সাথে যদি বিজেপির এক টাকার লেনদেনও প্রমাণ করাতে পারে, তাহলে বাংলার জনগণ, ভাঙড়ের জনগণ যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে মেনে নেবো।’

বিধায়ক নওশাদ সিদ্দিকি আরও বলেন, ‘তবে একটা কথা, যারা গুজব ছড়াচ্ছে, আমার যারা আইটি সেলের দায়িত্বে আছে, মিডিয়া ম্যানেজমেন্টে আছে তাদেরকে ইতোমধ্যে আমি বলে দিয়েছি, যারা যারা যেটা করছে সেটা সংরক্ষণ  করে রাখছে। পঞ্চায়েত নির্বাচনের মধ্যে আমি এই বিষয়ে মাথা দেবো না। নির্বাচন পর্ব পার হওয়ার সাথে সাথেই আমার আইনজীবিদের সঙ্গে আমি বসব, এটাকে নিয়ে পরামর্শ করব। তারা যে পরামর্শ দেবে, সেই মতো আমি এগিয়ে যাব’  বলেও মন্তব্য করেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকি।  

গতকাল (শনিবার) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, ‘বিজেপির হাতের পুতুল হয়ে কিছু মানুষকে ভুল বোঝাবার জন্য এই ‘আইএসএফ’ দলটি গঠিত হয়েছে এবং  ব্যবহৃত হচ্ছে। এ সময়ে তিনি আইএসএফের প্রতিষ্ঠাতা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ৬ (ছয়) কেন্ডের একটা ভিডিও বক্তব্যের অংশ বিশেষ  সাংবাদিকদের দেখানোর চেষ্টা করেন। ভিডিওতে বলতে শোনা যায় ‘আমরা যারা বিজেপিকে পছন্দ করি তারা তৃণমূলকে ভোট দিয়ে কী করব?’ ওই বক্তব্য শুনিয়ে তৃণমূল নেতারা আইএসএফের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ তুলে ধরার চেষ্টা করেন। একই সঙ্গে তারা বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর সঙ্গে নওশাদ  সিদ্দিকির কথিত চ্যাট ক্লিপস দেখান।

ওই সংবাদ সম্মেলনে তৃণমূল নেতা ও বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইএসএফের সঙ্গে সিপিএম-কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাংলা বিরোধী, তৃণমূল বিরোধী একটা অশুভ আঁতাত তৈরি হয়েছে।

আইএসএফ অবশ্য তৃণমূলের অভিযোগকে উড়িয়ে দিয়ে আপাতত তাদের নজর পঞ্চায়েত নির্বাচনের দিকে রয়েছে বলে জানিয়েছে। নির্বাচন পর্ব শেষ হয়ে গেলে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি। #