পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে বিদায় দেবো: শুভেন্দু অধিকারী, পাল্টা মন্তব্য কুণাল-সুজনের
https://parstoday.ir/bn/news/india-i124922-পশ্চিমবঙ্গের_তৃণমূল_সরকারকে_বিদায়_দেবো_শুভেন্দু_অধিকারী_পাল্টা_মন্তব্য_কুণাল_সুজনের
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের তৃণমূল সরকারকে ৩ মাসের মধ্যে বিদায় দেওয়া হবে বলে মন্তব্য করেছেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ২৮, ২০২৩ ১৮:৫৫ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারী (বামে) এবং মমতা (ডানে)
    শুভেন্দু অধিকারী (বামে) এবং মমতা (ডানে)

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের তৃণমূল সরকারকে ৩ মাসের মধ্যে বিদায় দেওয়া হবে বলে মন্তব্য করেছেন।

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিনি আজ (বুধবার) পটাশপুরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। গতকাল (মঙ্গলবার) তৃণমূল সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে বলেছিলেন, ‘বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস। কেন্দ্রীয় সরকারে থাকবে আর মাত্র ৬ মাস। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে লোকসভার নির্বাচন হবে। তাতে ভারতকে যদি আমি চিনে থাকি, ওরা একেবারে ধুয়ে যাবে।’

এবার পাল্টা জবাব হিসেবে আজ (বুধবার) বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে তিন মাসের মধ্যে বিদায় দেওয়া হবে বলে মন্তব্য করলেন। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আজ বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন ১৮ থেকে বেড়ে ৩৬ হবে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘চোরেদের তাড়াতে হবে। পঞ্চায়েতকে চোর মুক্ত করতে হবে। এটাই বিজেপির অঙ্গীকার। মমতা ব্যানার্জি বলেছেন, এটা নাকি সেমি ফাইনাল (পঞ্চায়েত নির্বাচন)। লোকসভা নির্বাচনে নাকি ফাইনাল হবে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, এটা কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে আমরা ৩৫ টা লোকসভা সিটে এবারে হারাব। এবার ১৮ কে ৩৬ করব আমরা। আর তিন মাসের মধ্যেই বিদায় দেবো এই সরকারকে। এই চোরেদের সরকারকে।’

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দু অধিকারির বক্তব্যকে গুরুত্ব না দিয়ে তাকে বদ্ধ উন্মাদ, প্রতিষ্ঠিত রেজিস্টার্ড  চোর, তোলাবাজ বলে কটাক্ষ করেছেন।

অন্যদিকে, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘আবার  সেই বাইনারির খেলায় দু’দল লেগেছে। মুখ্যমন্ত্রী বলছে, ৬ মাসের মধ্যে দিল্লি থেকে ওদের সরিয়ে দেবো, আর শুভেন্দু অধিকারী বলছেন ৩ মাসের মধ্যে দিল্লি থেকে এদের সরিয়ে দেবে। শুভেন্দু বলেছে, তৃণমূল সরে যাবে, আর তৃণমূল বলছে বিজেপি সরে যাবে। এটা একটা বাইনারির খেলা। তৃণমূলকে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী টিকিয়ে রেখেছেন’ বলেও মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮                  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।