মণিপুর ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের 'কালো প্রতিবাদ', মোদী সরকারকে চাপে ফেলতে মাঠে বিরোধীরা
ভারতীয় সংসদে অশান্ত মণিপুর ইস্যুতে ‘কালো পোশাক’ পরে বিরোধীদলীয় ‘ইন্ডিয়া’ জোটের এমপিরা প্রতিবাদ জানিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সংসদের বর্ষাকালীন অধিবেশনের ষষ্ঠ দিনে বিরোধীরা এভাবে প্রতিবাদ জানান। জানা গেছে, সংসদে মণিপুর নিয়ে আলোচনার অনুমতি না দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা না শুরু করায় কালো পোশাক পরে প্রতিবাদ জানান বিরোধী এমপিরা।
সংসদের নিম্নকক্ষ লোকসভায় প্রধান বিরোধী দল কগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আজ এ প্রসঙ্গে বলেন, ‘কালো পোশাক পরে প্রতিবাদের মাধ্যমে আমরা মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি।
সমাজবাদী পার্টির এমপি রাম গোপাল যাদব বলেন, ‘আমরা উদ্বিগ্ন কারণ মণিপুরের সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে, যেটি একটি সামরিক শাসিত রাষ্ট্র এবং সন্ত্রাসীদের আশ্রয় দেয়।
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেত্রী দোলা সেন এমপি আজ বলেন, ‘প্রধানমন্ত্রী পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে মুখ খোলেন। শুধু মণিপুর নিয়ে নীরব।’
এদিকে, সংসদের উভয়কক্ষে মণিপুর সহিংসতা নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে। স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছে সংসদ। আজ রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বিরোধী জোট 'ইন্ডিয়া'র বিশেষ বৈঠক হয়। ওই বৈঠকে বিরোধী এমপিরা কালো পোশাক পরে আসেন। বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধী দল তাদের কৌশল তৈরি করেছে বলে জানা গেছে। গতকালই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা।
এদিকে, গতকালের মতো আজ বৃহস্পতিবারও মণিপুর সহিংসতা নিয়ে সংসদের উভয় কক্ষে তুমুল হট্টগোল হয়। লোকসভার কাজকর্ম শুরু হতেই বিরোধীরা এমপিরা স্লোগান দিতে শুরু করেন। যার জেরে মাত্র ৬ মিনিট পরেই স্পিকার ওম বিড়লা অধিবেশনের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত মুলতবি করে দেন। বিরোধীদের স্লোগানের কারণে পুনরায় বেলা ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।
অন্যদিকে, রাজ্যসভায় বিরোধী এমপিরা প্ল্যাকার্ড নিয়ে আসেন এবং তারা এ সময়ে প্রধানমন্ত্রী হাউসে আসুন, হাউসে এসে কিছু তো বলুন, প্রধানমন্ত্রী নীরবতা ভাঙুন ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময়ে বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোটের এমপিরা পাল্টা মোদী-মোদী স্লোগান দেওয়া শুরু করেন। এরপর বিরোধীরা ইন্ডিয়া-ইন্ডিয়া স্লোগান দেন। এভাবে পাল্টাপাল্টি স্লোগানের জেরে রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর ১২টা পর্যন্ত এবং পরে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।
প্রসঙ্গত, বিজেপিশাসিত মণিপুরে ‘মেইতেই’ সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’ মর্যাদা দেওয়ার প্রচেষ্টা শুরু হলে, এর বিরোধিতায় ‘কুকি’ ও অন্যান্য উপজাতি সংগঠন যৌথভাবে মাঠে নামায় গত প্রায় ৩ মাস ধরে সহিংসতা চলছে। এ পর্যন্ত কমপক্ষে ২০০ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।