মণিপুর পরিস্থিতি খতিয়ে দেখতে ‘ইন্ডিয়া’ জোটের সংসদীয় প্রতিনিধি দল ত্রাণ শিবিরে ঘুরছেন
https://parstoday.ir/bn/news/india-i126160-মণিপুর_পরিস্থিতি_খতিয়ে_দেখতে_ইন্ডিয়া’_জোটের_সংসদীয়_প্রতিনিধি_দল_ত্রাণ_শিবিরে_ঘুরছেন
ভারতে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' (ইন্ডিয়া) জোটের ২১ জন এমপি’র একটি প্রতিনিধিদল গোলযোগপূর্ণ মণিপুর সফর করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৯, ২০২৩ ১৫:২০ Asia/Dhaka
  • মণিপুর পরিস্থিতি খতিয়ে দেখতে ‘ইন্ডিয়া’ জোটের সংসদীয় প্রতিনিধি দল ত্রাণ শিবিরে ঘুরছেন

ভারতে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' (ইন্ডিয়া) জোটের ২১ জন এমপি’র একটি প্রতিনিধিদল গোলযোগপূর্ণ মণিপুর সফর করছেন।

আজ (শনিবার)প্রতিনিধি দলটি মণিপুরে পৌঁছে চুড়াচাঁদপুরে একটি ত্রাণ শিবিরে যান এবং সহিংসতার শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের সঙ্গে তারা কথা বলেন। ‘ইন্ডিয়া’ জোটের এমপিরা ৩০ জুলাই পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং পরিস্থিতি মূল্যায়ন করবেন। তিন মাস ধরে রাজ্যে চলমান সহিংসতা এবং এখানকার মানুষের সমস্যার সমাধান নিয়েও তারা সরকার ও সংসদে মতামত জানাবেন।

এ প্রসঙ্গে আজ (শনিবার) ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘আমরা রাজনৈতিক ইস্যু তুলতে আসিনি, মণিপুরের মানুষের বেদনা ও বাস্তব পরিস্থিতি বুঝতে এসেছি। সরকার তার  দায়িত্ব পালন করেনি।’

ক্ষতিগ্রস্তদের সম্পর্কে অধীর বাবু বলেন, ‘এসব মানুষের মুখ দেখেই জানা যায় তারা ভয় পাচ্ছে। সরকারের প্রতি এসব মানুষের মোটেও আস্থা নেই। খুবই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’  

এদিকে, মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনায় এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’। ২৭ জুলাই  কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে মামলার তদন্ত সিবিআই-এর কাছে হস্তান্তরের কথা বলেছিল। সেই সঙ্গে হলফনামা দাখিল করে মামলার শুনানি মণিপুরের বাইরে করার আবেদনও করেছিল।

গত ৩ মে থেকে মণিপুরে সহিংসতা চলছে। পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয় যখন দুই মহিলাকে সম্পূর্ণ নগ্ন করে ঘোরানোর একটি ভিডিও গত ১৯ জুলাই ভাইরাল হয়। গত ৪ মে ওই ঘটনা ঘটে। ভিডিওটি দেখে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ওই ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে একজন নাবালকও রয়েছে। 

এদিকে, বিজেপিশাসিত রাজ্যটিতে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতা এবার নিরাপত্তা বাহিনীর দিকে মোড় নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিষ্ণুপুর ও চুড়াচাঁদপুর জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। হামলাকারীরা এসময়ে কমপক্ষে ২০০টি দেশি বোমা ফেলে বলে জানা গেছে।

বিষ্ণুপুরের ফুগাকচাও থানার অন্তর্গত চারটি পৃথক স্থানে সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, গত বৃহস্পতিবারও দু’জন নিহত হয়েছিল। এসব ঘটনায়  সেনা ও মণিপুর পুলিশের একজন করে কমান্ডোসহ পাঁচজন আহত হয়েছেন। এই প্রথমবারের মতো সশস্ত্র জনতা সরাসরি বিএসএফ এবং অন্য আধাসামরিক বাহিনীকে টার্গেট করছে। পুলিশ সন্দেহ করছে যে এই হামলার সাথে জঙ্গি ক্যাডাররা জড়িত থাকতে পারে। কারণ এত বড় আকারের হামলা জনতা দ্বারা চালানো সম্ভব নয়। আধাসামরিক বাহিনীকে সাহায্য করতে সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্টের সেনাদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের নেতাদের মণিপুরের বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, বিজেপিশাসিত মণিপুরে ‘মেইতেই’ সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’ মর্যাদা দেওয়ার প্রচেষ্টা শুরু হলে, এর বিরোধিতায় ‘কুকি’ ও অন্যান্য উপজাতি সংগঠন  যৌথভাবে মাঠে নামায় গত প্রায় ৩ মাস ধরে সহিংসতা চলছে। এ পর্যন্ত কমপক্ষে ২০০ মানুষ নিহত এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন। প্রাণ বাঁচাতে প্রতিবেশি রাজ্যগুলোতেও আশ্রয় নিয়েছেন বহু মানুষ।#             

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৯   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।