হরিয়ানায় সহিংসতার পর ৪ জেলায় আধাসামরিক বাহিনী মোতায়েন, বন্ধ ইন্টারনেট
https://parstoday.ir/bn/news/india-i126374-হরিয়ানায়_সহিংসতার_পর_৪_জেলায়_আধাসামরিক_বাহিনী_মোতায়েন_বন্ধ_ইন্টারনেট
ভারতে বিজেপিশাসিত হরিয়ানায় সাম্প্রতিক সহিংস ঘটনায় ৪টি জেলায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০২৩ ১৪:৩০ Asia/Dhaka
  • হরিয়ানার ৪টি জেলায় আধাসামরিক বাহিনী মোতায়েন
    হরিয়ানার ৪টি জেলায় আধাসামরিক বাহিনী মোতায়েন

ভারতে বিজেপিশাসিত হরিয়ানায় সাম্প্রতিক সহিংস ঘটনায় ৪টি জেলায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজ্যটিতে সাম্প্রদায়িক সহিংসতার জেরে নূহ, পালওয়াল, ফরিদাবাদ এবং গুরুগ্রামের সোহনা, মানেসার এবং পাটোদিতে ৫ আগস্ট পর্যন্ত ইন্টারনেট এবং এসএমএস পরিসেবা স্থগিত করা হয়েছে। এই চার জেলায় আধাসামরিক বাহিনীর ২০টি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

এদিকে, গোলযোগপূর্ণ রাজ্যটিতে ফের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার) দিবাগত রাতে হরিয়ানার নূহ শহরের দু’টি মসজিদে পেট্রোল বোমা নিক্ষেপের খবর প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, মোটর সাইকেলে আসা হামলাকারীরা মোলোটভ ককটেল অর্থাৎ পেট্রোল বোমা দিয়ে রাত সাড়ে ১১ টায় নূহ শহরের দু’টি মসজিদে হামলা চালায়। এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশ জানায়, হামলায় কেউ হতাহত হয়নি। যে মসজিদগুলোতে হামলা হয়েছে তার মধ্যে একটি বিজয় চকের কাছে এবং অন্যটি থানার কাছে। ওই হামলায় উভয় মসজিদের কিছু ক্ষতিও হয়েছে।

পুলিশ বলছে, ওই হামলার খবর পাওয়া মাত্রই ফায়ার ব্রিগেডের গাড়িগুলো  মসজিদের দিকে রওনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আসে। অজ্ঞাত হামলাকারীরা একটি চুড়ির দোকানেও আগুন দিয়েছে। সহিংসতা শুরু হওয়ার পর দাঙ্গাপীড়িত এলাকায় খোলা জায়গায় পেট্রোল বিক্রি নিষিদ্ধ করা হয়। রাজ্যটিতে ৩১ জুলাই থেকে সাম্প্রদায়িক সহিংসতায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে পৌঁছেছে।

প্রসঙ্গত, গত (সোমবার) গভীর রাতে গুরুগ্রামে সেক্টর ৫৭ স্থিত একটি মসজিদে দাঙ্গাকারীরা হামলা চালায়। এ সময় ওই মসজিদের ইমাম মুহাম্মদ সাদ (২২) নিহত এবং অন্য দু’জন আহত হন।

গত (সোমবার) নূহতে উগ্রহিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদের ব্রজ মণ্ডল শোভাযাত্রায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময়ে উভয়পক্ষের মধ্যে পাথর নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়।

এদিকে, হরিয়ানার সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন- আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য আবেদন করছি।

এদিকে, অতীতে গুরুগ্রামে জুমার নামাজের সময় বিবাদের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় আগামীকাল (শুক্রবার) জুমার নামাজ প্রসঙ্গে পুলিশ এ ব্যাপারে সতর্ক রয়েছে। গুরুগ্রাম পুলিশের এসিপি বরুণ কুমার দাহিয়া আজ (বৃহস্পতিবার) বলেন, ‘গুরুগ্রামে সব সময়ই জুমার নামাজ পড়া হয়েছে। আমরা সবসময়  নিরাপত্তার ব্যবস্থা করে আসছি। এবার একজন মাওলানা সাহেব আবেদন করেছেন যে মুসলমানরা যেন তাদের বাড়ি থেকে নামাজ আদায় করেন। আমরা এমন কোনো নিষেধাজ্ঞা আরোপ করিনি, করবও না।’

হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়ে গুরুগ্রাম পুলিশ বলেছে, ‘আপনি যেকোনো জায়গায় নামাজ পড়তে পারেন। তবে সতর্ক থাকুন যাতে সম্প্রীতি বজায় থাকে। আমরা হিন্দু সমাজের লোকদের কাছেও আবেদন করব যেন তারা কোনো ধরনের কর্মকাণ্ড না করেন। পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখুন।’

এদিকে, গুরুগ্রাম থেকে কিছু লোকের অন্যত্র চলে যাওয়ার খবর প্রসঙ্গে গুরুগ্রাম পুলিশের এসিপি দাহিয়া বলেন, ‘কিছু তথ্য এসেছে যে কিছু লোক নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তবে আমরা বলতে চাই গুরগাঁও আপনার জন্য নিরাপদ। কোনো ধরনের আতঙ্কের পরিবেশ নেই। জনগণকে নির্ভীক থাকার আহ্বান জানাতে চাই। এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেব না। পুলিশ ভালোভাবে নজরদারি করছে। আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি।’

হরিয়ানা সরকারের মতে, সহিংসতায় এ পর্যন্ত ৬ জন মারা গেছে, ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৯০ জনকে আটক করা হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।