মণিপুরে একাধিক পুলিশ চৌকিতে হামলা, অস্ত্রশস্ত্র লুট, নিহত ১
ভারতে বিজেপিশাসিত অশান্ত মণিপুরে উন্মত্ত জনতা বিষ্ণুপুরে একাধিক পুলিশচৌকিতে হামলা চালিয়ে অস্ত্রশস্ত্র লুট করেছে।
ইম্ফল পশ্চিমের সেনজাম চিরাংয়ে এক পুলিশ কর্মী মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এর ফলে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হামলাকারীরা একে-৪৭ রাইফেল, একে সিরিজের অ্যাসল্ট রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্রসহ কমপক্ষে ১৯ হাজার গুলি লুট করে নিয়ে গেছে। বিষ্ণুপুরের কাংওয়েই এবং ফুগাচাওতে হামলাকারী দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এ ব্যাপারে গত ২৪ ঘণ্টায় মণিপুর জুড়ে ৩৪৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, আচমকাই এক দল নারী এবং পুরুষ কিরেনফাবি এবং থাঙ্গালাওয়াই পুলিশ চৌকি ঢুকে পড়েন। তার পর হামলা চালান। পুলিশ ওই হামলা প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিরেনফাবি এবং থাঙ্গালাওয়াই পুলিশচৌকির পাশাপাশি হেইনগাং সিংজামেই থানাতেও হামলা চালানোর চেষ্টা করেন এক দল উন্মত্ত জনতা। পশ্চিম ইম্ফলের একাধিক জায়গায় সেনা এবং পুলিশের সঙ্গে মারমুখী জনতার সংঘর্ষ হয়। কুতরুক, হারাওথেল, সেনজাম চিরাং এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেনজাম চিরাংয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ সাধারণ জনগণকে গুজবে বিশ্বাস না করার এবং ইন্টারনেটে প্রচারিত ভুয়ো ভিডিও থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা বিবৃতির মাধ্যমে জনগণের কাছে লুণ্ঠিত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য পুলিশের কাছে ফেরত দেওয়ারও আবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার বিষ্ণুপুর ও চুড়াচাঁদপুর জেলার মধ্যবর্তী সীমান্তে ফুগাকচাও ইখাইতে ৫০০/৬০০ জনের একটি বিশাল জনতা জড়ো হয়েছিল। নিরাপত্তা বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ওই ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়। পুলিশ সূত্রে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে গুলিবর্ষণ এবং বিক্ষিপ্তভাবে উচ্ছৃঙ্খল জনসমাগমের ঘটনায় রাজ্যের পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং উত্তেজনাপূর্ণ রয়েছে।
রাজ্যে গোলযোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে পার্বত্য ও উপত্যকা উভয় এলাকায় মোট ১২৯টি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিধি লঙ্ঘনের অভিযোগে কমপক্ষে ১,০৪৭ জনকে আটক করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।