মোদী দুর্নীতির আখড়া শুরু করেছেন:ফিরহাদ
https://parstoday.ir/bn/news/india-i126500-মোদী_দুর্নীতির_আখড়া_শুরু_করেছেন_ফিরহাদ
ভারতের পশ্চিমবঙ্গের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, উনি বাঁকা পথে দুর্নীতি করছেন, দুর্নীতির আখড়া শুরু করেছেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ০৬, ২০২৩ ১৮:২৮ Asia/Dhaka
  •  মোদী দুর্নীতির আখড়া শুরু করেছেন:ফিরহাদ

ভারতের পশ্চিমবঙ্গের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, উনি বাঁকা পথে দুর্নীতি করছেন, দুর্নীতির আখড়া শুরু করেছেন।

এমনকি মোদীকে বাসের পকেটমারের সঙ্গেও তুলনা করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম! তিনি আজ (রোববার) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগে ধর্না-অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। আজ কোলকাতার সিআইটি মার্কেটের বিক্ষোভ মঞ্চ থেকে  মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

 ফিরহাদ হাকিম আজ প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘আমাদেরকে দুর্নীতিগ্রস্ত বলছেন। কিন্তু দুর্নীতির আখড়া তো আপনি শুরু করেছেন। কে মেহুল চোকসি? কে নীরব মোদী? কে সেই হীরে ব্যবসায়ী যারা ভারতবর্ষের কয়েক লক্ষ কোটি টাকা মেরে বাইরে পালিয়ে গেছেন! কী ব্যবস্থা নিয়েছেন নরেন্দ্র মোদী? কী ব্যবস্থা নিয়েছেন সেসব টাকা ফেরত আনার জন্য?  পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের টাকা, যে টাকা আমাদের সাধারণ মানুষের টাকা। সেই টাকাকেও আপনার সাথে যারা ছবি তোলে, যাদের বলেন, ‘মেরে মেহুল ভাই’, সেই ভাইরা যখন নিয়ে  পালিয়ে যাচ্ছেন, কোনও ব্যবস্থা নিচ্ছেন না!

নীরব মোদী এক বিবৃতিতে বলেছেন, এই টাকা  আমি একা নিয়ে আসিনি, এটার থেকে একটা অংশ ‘বিজেপি ফান্ডে’ দিয়ে এসেছি। অর্থাৎ,  আপনি বাঁকা পথে দুর্নীতি করছেন। সেই বাসে যে পকেটমার থাকে, সে যখন পকেটমারি করে সে তখন অন্যের দিকে তাকিয়ে বলে ওই পকেট মেরে দিল, পকেটমার-পকেটমার! সবাই দৌড়ায় সেই দিকে। আপনি আসল পকেটমার! মালটা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন। আপনার বন্ধুরা পালিয়ে যাচ্ছেন। আপনি সেই পকেটমার, যে পকেটমার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পকেট মারছে! প্রত্যেকটা মানুষকে বঞ্চনা করছে’ বলেও মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

     আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেওয়ায় ফিরহাদ হাকিম বলেন, ‘১ লাখ ১৭ হাজার কোটি টাকা বাংলার ন্যায্য প্রাপ্য, সেই টাকা নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করছেন। কীসের জন্য এই বঞ্চনা? মানুষকে টাইট দিচ্ছেন নরেন্দ্র মোদী, আপনাকে মানুষ এর জবাব দেবে। বাংলার মানুষ আপনাদের ভোট দেয় না। আপনারা বদলা নিতে চাচ্ছেন? কিন্তু বাংলা কারও সামনে মাথানত করে না। বাংলা কারও সামনে মাথানত করতে শেখেনি। এই মাথা আমরা আপনার সামনে নত করব না’ বলেও মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম।#

পার্সটুডে/এমএএইচ/০৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন