তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাতা
https://parstoday.ir/bn/news/india-i127040-তৃণমূল_ছেড়ে_কংগ্রেসে_যোগ_দিলেন_মন্ত্রী_ফিরহাদ_হাকিমের_জামাতা
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসের হায়দর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০২৩ ১৫:৩০ Asia/Dhaka
  • তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাতা

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসের হায়দর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ছিলেন।

আজ (শনিবার) প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি ইয়াসের হায়দরের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন। রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রীর জামাতা এভাবে ক্ষমতাসীন দল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে আজ বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে চাননি মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘আমার তো মনে হয় কংগ্রেস পার্টিটা এবার উঠে যাবে। এগুলো যারা করে, যারা আত্মীয়স্বজন নিয়ে কারবার করে, তারা প্রকৃতপক্ষে দল করে না। ফিরহাদ হাকিমের লোক, ফিরহাদ হাকিমের আত্মীয় এটা পরিচয় হয় নাকি? আমি নিজে ছোটবেলা থেকে আন্দোলন করে উঠে এসেছি আমার নিজের পরিচয় তৈরি করে। পরজীবি হয়ে বাঁচা যায় নাকি?’  

অন্যদিকে আজ কংগ্রেসে যোগ দিয়ে ইয়াসের হায়দর বলেন, ‘আমি আগে যে দলে ছিলাম, সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কংগ্রেসে আসার ইচ্ছা ছিল বহুদিনের। অনেক দিন ধরেই যোগাযোগ ছিল সৌমেন পালের সঙ্গে। কংগ্রেসে আসার একটাই কারণ, দলের সদস্য হয়ে কাজ করতে চাই। তৃণমূলে আমি রাজনীতিক হিসেবে নই, সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলাম। মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার  প্রয়োজন। সেটা আমার রয়েছে।’

‘এতদিন কাজ করেছি, রাজনীতি আমার মধ্যে ঢুকে গেছে। আমি মানুষের সেবা করতে চাই। তৃণমূল আগে কংগ্রেসই ছিল। কংগ্রেসের প্রতি আমাদের ভারতীয়দের একটা ভালবাসা রয়েছে’ বলেও মন্তব্য করেন ইয়াসের হায়দর। 

ওই ইস্যুতে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, উনি একটা শূন্য পাওয়া দলে গেছেন ভালো তো। এ নিয়ে আমাদের কোনও চিন্তা নেই। কোনও মন্তব্যও নেই। কে কোন দলে যাবেন তার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনও কারণ ঘটেনি বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।