সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপি থেকে মুখ ফেরানো শুরু করেছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
-
অভিষেক বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে বলেছেন, সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপি থেকে মুখ ফেরানো শুরু করেছে।
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে তিনি আজ (শনিবার) দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি আজ একশো দিনের কাজ প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের পাওনা টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। একইসঙ্গে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন হয়েছিল, সে সবের কিছুই পূর্ণ হয়নি বলে জানান।
অভিষেক বিজেপিকে নিশানা করে বলেন, ‘আগামী ৫ তারিখে উন্নয়নের পক্ষে ভোট দিতে হবে যেন ভোট বাক্স খুললে বিজেপি যেন চোখে সর্ষের ফুল দেখে! এত ব্যবধানে জেতাবেন যেন এরা বাড়ি থেকে বেরোতে না পারে। এমন শিক্ষা ওদের দিতে হবে, মানুষের ক্ষমতা কী, আর ইলেক্ট্রনিক ভোট যন্ত্রের ক্ষমতা কী তার প্রমাণ দিতে হবে। দু’নম্বরীদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। বিজেপি আপানাদের সঙ্গে পাঁচ বছর ধরে বেইমানি করেছে। আপনারা জবাব দেবেন না?’
তিনি বলেন, ‘বিজেপি বলেছিল ‘আচ্ছে দিন’ (সুদিন) আসবে, এসেছে? বলেছিল ১৫ লাখ টাকা দেবো, দিয়েছে? বলেছিল বছরে ২ কোটি বেকারকে চাকরি দেবো, দিয়েছে? বলেছিল নারায়ণী সেনা করব, করেছে? বলেছিল, সিএএ-এনআরসি করব, করতে পেরেছে? বালেছিল, বাংলাকে দু’হাত তুলে আমাদের সরকার সমর্থন করব। কিন্তু সমর্থন তো দূরের কথা, জলপাইগুঁড়ি জেলা এবং আলিপুরদুয়ারের প্রায় ১৫ লাখ লোকের টাকা বন্ধ করেছে আপনাদের নির্বাচিত (বিজেপি) প্রতিনিধিরা।’
কেন্দ্রীয় সরকার সম্প্রতি রান্নার গ্যাসের দাম দুশো টাকা কমানোয় বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, ‘ঠেলায় না পড়লে বিড়াল, গাছে ওঠে না’। সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপি থেকে মুখ ফেরানো শুরু করেছে। সঙ্গে সঙ্গে গ্যাসের দাম কমেছে। সর্বত্র আজকে বিজেপি হারছে। সমানে যে পাঁচটা বিধানসভা নির্বাচন হবে, এর সবকটাতেই বিজেপি হারবে।’ আগামী সাধারণ নির্বাচনে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট জিতলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা করা হবে বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তিনি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হবে এবং এলাকার হাসপাতালকে উন্নত করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর ঝাড়খন্ড, কেরালা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড অর্থাৎ ৬ রাজ্যে মোট ৭ টি আসনে উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গের ধূপগুড়ি (এসসি সংরক্ষিত আসন) ছাড়াও ভোটগ্রহণ করা হবে উত্তর প্রদেশের ঘোষি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, (এসসি সংরক্ষিত আসন) ঝাড়খণ্ডের ডুমরি, কেরালার পুথুপ্পল্লি, ত্রিপুরার বক্সানগর এবং ধনপুর আসনে উপনির্বাচন হবে। নির্বাচনের ফল ঘোষণা হবে ৮ সেপ্টেম্বর। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।